প্রিমিয়ার লিগের হল অব ফেমে থিয়েরি অঁরি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১ | ০৯:৩০
মাঠের খেলায় অনবদ্য অবদানের স্বীকৃতি দিতে 'হল অব ফেম' স্থাপন করতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। আর প্রথম দুই খেলোয়াড় হিসেবে এতে অন্তর্ভুক্ত হচ্ছেন ফরাসি ফরোয়ার্ড থিয়েরি অঁরি ও ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়েরার।
অঁরি আর্সেনালের হয়ে ২৫৮ ম্যাচে ১৭৫টি গোল করেন, যা ক্লাব রেকর্ড। টানা চার মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ফরাসি এই ফুটবলার। এর মধ্যে প্রিমিয়ার লিগ জিতেছেন দু'বার। আর ব্ল্যাকবোর্ন রোভার্স ও নিউক্যাসলের হয়ে খেলা শিয়েরারের গোলসংখ্যা রেকর্ড ২৬০টি, লিগ জিতেছেন একবার।
৫০ বছর বয়সী শিয়েরার প্রিমিয়ার লিগ হল অব ফেমে অন্তর্ভুক্তির প্রতিক্রিয়ায় বলেন, 'যখন কিছু অবিশ্বাস্য খেলোয়াড়ের দিকে তাকাবেন, যারা সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর ধরে প্রিমিয়ার লিগকে রাঙিয়ে গেছেন- তাদের হল অব ফেমে জায়গা পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করছি।'
ভিনদেশি একজন হয়েও প্রিমিয়ার লিগে সাফল্যের পতাকা ওড়ানো অঁরিও ব্যাপক খুশি, 'প্রিমিয়ার লিগ হল অব ফেমের প্রথম দুই ব্যক্তির একজন হিসেবে শিয়েরারের সঙ্গে অন্তর্ভুক্ত হতে পারাটা খুবই স্পেশাল।'
২০২১ সালে অঁরি ও শিয়ারার ছাড়াও আরও চারজনকে হল অব ফেমে যুক্ত করা হবে। ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে বাছাইয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন দর্শকরা; যা কিছুদিনের মধ্যে প্রকাশ করা হবে।
- বিষয় :
- থিয়েরি অঁরি
- প্রিমিয়ার লিগ
- হল অব ফেম