বোকা জুনিয়র্সকে বিদায় বললেন তেভেজ
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২১ | ০৭:৪০
বোকা জুনিয়র্সকে বিদায় বললেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। বোকা জুনিয়র্সকে বিদায় বলে দিলেও বুটজোড়া পাকাপাকিভাবে তুলে রাখবেন কি না তা নিশ্চিত করেননি তেভেজ। আগামী ৩০ জুন বোকা জুনিয়র্সের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তেভেজের।
ক্লাবের প্রধান কার্যালয়ে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে তেভেজ বলেন, ‘পরিবারের সঙ্গে আপতত কিছুদিন সময় কাটানোর জন্যই প্রিয় ক্লাবকে বিদায় জানাতে হচ্ছে। আমি সবসময়ই বলেছি একটি মাত্র ক্লাবেই আমি খেলতে চাই সেটা হলো বোকা, এতে কোনো সন্দেহ নেই।’
কান্নায় ভেঙে পড়ে আর্জেন্টাইন তারকা আরও বলেন, ‘বোকায় আমাকে সর্বোচ্চ দিতে হচ্ছে। কিন্তু মানসিক ভাবে আমি সেই পর্যায়ে নেই। আমার বাবার মৃত্যুর পর পরিবাবের সঙ্গে সময় কাটাতে পারিনি, আমাকে আবার খেলায় ফিরতে হয়েছে।’
ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের সাবেক এই ফরোয়ার্ড গত ফেব্রুয়ারিতে বাবাকে হারিয়েছেন। আর্জেন্টিনার বাইরে নতুন কোনো ক্লাবের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে তেভেজ বলেন, ‘আমি কখনই এই মুহূর্তটি চাইনি। আমাকে বলতেই হচ্ছে, আমি আর এই ক্লাবের সঙ্গে নেই। অবশ্য আমি এই জার্সিটিকে একেবারেই বিদায় জানাচ্ছি না, খুব শিগগিরই আমি আবার এখানে আসব। আমি সবসময়ই এই ক্লাবের সঙ্গেই আছি, শুধুমাত্র খেলোয়াড় হিসেবে আজ চলে যাচ্ছি।’
তেভেজের সঙ্গে বোকা জুনিয়র্সের বর্তমান চুক্তি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ছিল। কিন্তু ছয়মাস আগেই ক্লাব ছাড়ার ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে বোকা সভাপতি জর্জ আমেল বলেন, ‘আমরা তাকে খেলা চালিয়ে যাবার অনুরোধ করেছিলাম। আমাদের জন্য সে কখনই চলে যাবার নয়, আমরা তাকে যেতে দিতে পারিনা।’
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে ৭৬ ম্যাচ খেলে ১৩ গোল করেন। কিন্তু কোপা আমেরিকার ফাইনালে তিনবার খেলা ছাড়া তেমন কোন সাফল্য পাননি। দুটি বিশ্বকাপে অংশ নেওয়া ছাড়াও আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ২০০৪ সালে অলিম্পিকে স্বর্ণপদক জয় করেন।
- বিষয় :
- বোকা জুনিয়র্স
- কার্লোস তেভেজ
- ক্লাব ফুটবল
