টেনিসে অঘটন, স্বপ্নভঙ্গ নাওমি ওসাকার
পারলেন না নাওমি ওসাকা। ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২১ | ০১:৫৭
টোকিও অলিম্পিকের টেনিসে মহিলাদের সিঙ্গেলস থেকে ছিটকে গেলেন দ্বিতীয় বাছাই জাপানের নাওমি ওসাকা। বিশ্বের ২ নম্বর ওসাকাকে স্ট্রেট সেটে হারিয়ে অঘটন ঘটালেন চেক প্রজাতন্ত্রের টেনিস খেলোয়াড় মার্কাটা ভোনদ্রৌসোভা। খেলার ফল ৬-১, ৬-৪।
তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রথম সেট মাত্র ২৪ মিনিটেই জিতে নেন ভোনদ্রৌসোভা। দ্বিতীয় সেট জেতেন ৪৪ মিনিটের মধ্যে। শীর্ষ বাছাই অ্যাশলে বার্টির পর এবার দ্বিতীয় বাছাই নাওমি ওসাকা বিদায় নেওয়ায় অলিম্পিকের জৌলুসও কমে গেল। এতে করে দেশের মাটিতে খালি হাতেই থাকতে হলো নাওমি ওসাকাকে।
এছাড়াও করোনা পরিস্থিতিতে আগেই অলিম্পিক থেকে সরে দাঁড়িয়েছেন একঝাঁক টেনিস তারকা। ওসাকা অবশ্য অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে মশাল জ্বালানোর পর বলেছিলেন, দেশকে সোনা জেতানোর লক্ষ্যেই তিনি নেমেছেন। কিন্তু এদিনের পারফরম্যান্স নিঃসন্দেহে হতাশ করল জাপানবাসীকে।
২০২০ অস্ট্রেলিয়ান ওপেনের পর এই প্রথম কোনো হার্ডকোর্ট ইভেন্টে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিলেন ওসাকা।
- বিষয় :
- অলিম্পিক
- টেনিস
- নাওমি ওসাকা