কোন পথে আফগান ক্রিকেট
আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল- ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১ | ১২:০০ | আপডেট: ১৬ আগস্ট ২০২১ | ০৭:৩৫
আবারও আফগানিস্তানের ক্ষমতা দখলের পথে তালেবান। ২০০১ সালে মার্কিন হামলার মুখে ক্ষমতাচ্যুত হওয়া রাজনৈতিক গোষ্ঠীটি গত দুই দশকে পরিবর্তন হওয়া বিষয়গুলোতে কী পদক্ষেপ নেয়- এ নিয়ে কৌতূহল চারদিকে। একই সময়ে ক্রীড়াজগতে সমীহ করা শক্তি হিসেবে আবির্ভূত হওয়া আফগানিস্তান ক্রিকেট দলের ভাগ্যেই বা কী আছে- এ জিজ্ঞাসা ক্রিকেটবিশ্বে।
গত ক'দিনে রশিদ খান, মোহাম্মদ নবিদের মতো ক্রিকেটারদের উদ্বেগ প্রকাশের জেরে যে জিজ্ঞাসা আরও জোর পেয়েছে। তবে তালেবান মুখপাত্রের মুখে পাওয়া গেছে অভয় বাণী। ক্রিকেট যেভাবে যাদের নিয়ে চলছিল, সেভাবেই চলবে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহীন। পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলতে আগামী ২৫ আগস্ট যথাসময়েই শ্রীলঙ্কায় রওনা হবে আফগানিস্তানের জাতীয় দল, মাসের শেষদিকে বাংলাদেশে আসবে যুব দলও।
রাষ্ট্রক্ষমতার অদল-বদলেও ক্রিকেটে যে কোনো প্রভাব পড়বে না, সেটি নিশ্চিত করে সুহাইল বলেন, 'ক্ষমতা থাকা অবস্থায় আমরাই তো আফগানিস্তানে ক্রিকেট চালু করেছি। ক্রিকেট যেভাবে চলছে সেভাবেই চলবে। এর উন্নয়নে সম্ভব সব চেষ্টাই তালেবান করে যাবে।' কাতারের দোহায় অবস্থানরত সোহাইলের সঙ্গে কথা বলে পাকিস্তানের উর্দু নিউজ। তালেবানের আগের শাসনামলে তিনি ছিলেন পাকিস্তানে আফগানিস্তানের ডেপুটি অ্যাম্বাসাডর। সেই সময় ইসলামাবাদে একটি ম্যাচ দেখার কথা স্মরণ করে ক্রিকেট অনুরাগের কথা প্রকাশ করেন সোহাইল। জানান, টেস্ট মর্যাদা পাওয়া ও ওয়ানডেতে ১০ নম্বরে থাকা বর্তমান দলটির সঙ্গে সংশ্নিষ্টদের নিয়েই তারা এগিয়ে যেতে চান, 'বর্তমান খেলোয়াড়রাই খেলে যাবে। বাকি যারা আছে তারাও থাকবে। এর সঙ্গে যদি আমাদের কিছু করার থাকে সেটা করব।'
তবে তালেবান মুখপাত্র ক্রিকেটের নির্বিঘ্নতা নিয়ে আশ্বস্ত করলেও বর্তমান পরিস্থিতিতে একেবারে নিশ্চুপ থাকতে পারছেন না ক্রিকেটাররা। গতকাল তালেবানের কাবুলে প্রবেশের দিনে আফগানিস্তানের পতাকার সঙ্গে 'পিস' লিখে টুইট করেছেন রশিদ খান। বিশ্ব ক্রিকেটে আফগানমুখ হিসেবে পরিচিত রশিদ চার দিন আগে আরেকটি টুইটে বিশ্বনেতাদের প্রতি আহ্বান করেন, তার দেশের বিশৃঙ্খলতা থামাতে যেন সবাই ভূমিকা রাখে, 'আমার দেশ এখন বিশৃঙ্খলতায় পর্যবসিত। প্রতিদিন শিশু, নারীসহ হাজারো নির্দোষ মানুষ মারা যাচ্ছে, ঘরবাড়ি ধ্বংস হচ্ছে।'
প্রায় একই ধরনের টুইট করেন অলরাউন্ডার মোহাম্মদ নবিও। তার নিজের নামে করা চ্যারিটি ফাউন্ডেশন ঘরবাড়ি থেকে উচ্ছেদ মানুষদের সহায়তায় খাদ্য ও অর্থ সহায়তা দিচ্ছে। গতকাল চ্যারিটির কার্যক্রমের একটি ছবি তিনি রিটুইটও করেন। তাদের এখনকার ভূমিকায় তালেবান কোনো অবস্থান নেয় কিনা আপাতত অজানা। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা রশিদের বক্তব্য নিয়ে উর্দু নিউজের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। ক্রিকেটে তালেবানের অবদানের কথা উল্লেখের পর নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা বলেন, 'গত কয়েক বছর ধরেই তো আফগানিস্তানের অনেক এলাকা তালেবানের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সে (রশিদ) তখন কথা বলেনি। অনেক জায়গায় গিয়ে রাস্তায় চেকপোস্টেও থামতে হয়েছে, তখন তো ক্রিকেটার পরিচয় দিয়েই সামনে এগোতে পেরেছে।
এমনকি ক্রিকেট বোর্ডের অনেক কর্মকর্তা তালেবান নিয়ন্ত্রিত এলাকায় গিয়েছেন, কখনও কেউ বাধার সম্মুখীন হয়নি।' আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র হেকমত হাসান জানান, পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে সিরিজ সূচি অনুযায়ীই হবে। ১ থেকে ৫ সেপ্টেম্বর ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার হাম্বানতোতায়। এ লক্ষ্যে ২৫ আগস্ট দেশ ছাড়বে আফগান জাতীয় দল। এর কয়েকদিন পর অনূর্ধ্ব-১৯ দল সফর করবে বাংলাদেশে। অর্থাৎ, ক্রিকেট যেভাবে চলার কথা, সেভাবেই চলবে তালেবান শাসনামলে।
- বিষয় :
- ক্রিকেট
- আইসিসি
- আফগান ক্রিকেট