ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পিএসজিকে অঁরির খোঁচা

'কেবল তারকা দিয়ে চ্যাম্পিয়ন হওয়া যায় না'

'কেবল তারকা দিয়ে চ্যাম্পিয়ন হওয়া যায় না'
×

থিয়েরি অঁরি - ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২১ | ১২:০০ | আপডেট: ১৮ আগস্ট ২০২১ | ০১:০০

২০০৯ সালে বার্সেলোনার হয়ে তুমুল জনপ্রিয় ত্রয়ী ছিলেন লিওনেল মেসি, স্যামুয়েল ইতো আর থিয়েরি অঁরি। সে বছর পেপ গার্দিওলার অধীনে কাতালানরা ট্রেবল জিতেছিল। বার্সার স্বর্ণালি সেই সময়টার কথা মনে করিয়ে পিএসজিকে সতর্ক করলেন অঁরি। তার মতে, কেবল তারকা দিয়েই সফলতা আনা যায় না। এর জন্য প্রয়োজন ভারসাম্যমূলক দল। পিএসজি সেদিকে গুরুত্ব না দিয়ে একের পর এক তারকা ভেড়াচ্ছে। সেজন্য গত কয়েক মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের অনেক কাছে গিয়েও ধরতে পারেনি কাঙ্ক্ষিত শিরোপা। এবার আক্রমণভাগে আরও এক মহাতারকার আগমন। বার্সা থেকে এলেন মেসি। তবু অঁরি বলছেন ভারসাম্যমূলক দল গড়তে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্তকে অঁরি বলেন, 'দলে ভারসাম্য থাকাটা সবচেয়ে বেশি জরুরি। এ মুহূর্তে আমরা সেরা খেলোয়াড়, আক্রমণভাগ, রক্ষণ এসব নিয়ে বেশি ভাবি। কিন্তু আমার মনে হয়, দলটা ব্যালেন্স আছে কিনা সেদিকে নজর দেওয়া সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি বার্সার দিকে তাকান। একটা সময় আমি, লিও আর ইতো ছিলাম। লোকজন ভোলার কথা নয়, আমরা কিন্তু খুব বেশি গোল করিনি। তবে সাফল্য কিন্তু অনেক পেয়েছি।'

এই মুহূর্তে পিএসজি যে মানের টিম তাতে তারকার অভাব নেই। মাঝমাঠ বলি আর রক্ষণভাগ কিংবা আক্রমণভাগ। সবখানেই তারকা আর তারকা। কিন্তু পচেত্তিনোকে দলটাকে ভারসাম্যমূলক করতে হবে। না হলে সাফল্য পাওয়া কঠিন হয়ে যাবে। মেসি কিন্তু একা পিএসজিকে সাফল্যে গ্যারান্টি দিতে পারবে না। যেমন ইঙ্গিত দিয়েছেন সাবেক এই ফরাসি তারকা, 'এটা সত্য আপনার কাছে সুপার হিউম্যান খেলোয়াড় থাকলে প্রতিপক্ষকে হারানোর কাজটা সহজ হয়ে যাবে। তার মানে এই নয় যে, সে আপনাকে সফলতার নিশ্চয়তা দেবে। এখন পিএসজিতে যেটা হচ্ছে, তারা গোল কিন্তু কম করছে না। গোল করার খেলোয়াড়ও তাদের কম নেই। কিন্তু দলটা ভারসাম্যমূলক কিনা সেদিকে তাদের খুব বেশি নজর নেই। আমার মনে হয় এই দিকটা বেশি গুরুত্বপূর্ণ।'

আরও পড়ুন

×