বিসিবির পরিচালক হতে চান পাইলট
খালেদ মাসুদ পাইলট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১ | ০৫:২০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ | ০৫:২০
ক্রিকেট থেকে অবসরের পর আকরাম খান, খালেদ মাহমুদ সুজনরা বোর্ডের সঙ্গে জড়িয়ে পড়লেও তাদের সতীর্থ বাংলাদেশ দলের সাবেক উইকেটকিপার খালেদ মাসুদ পাইলটকে সেই ভূমিকায় দেখা যায়নি। তবে এবার ক্রিকেটের সঙ্গে ভালোভাবেই সম্পৃক্ত হতে চান সাবেক এই অধিনায়ক।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। এই নির্বাচনের জন্য শুক্রবার পরিচালক পদে মনোনয়ন তুলেছেন খালেদ মাসুদ পাইলট। মনোনয়ন পত্র তুলে জানিয়েছেন পরিচালক হয়ে নিজের বিভাগ রাজশাহীর ক্রিকেট উন্নয়নের ইচ্ছের কথা।
পাইলট বলেন, 'খুব ইচ্ছে ছিল ক্রিকেটের সঙ্গে কাজ করার। অবসরের পর থেকে মাঠে, রুট লেভেলে কাজ করে আসছি। রাজশাহী বিভাগ থেকে মনোনয়নপত্র তুললাম। রাজশাহী বিভাগের কাউন্সিলররা যদি সহায়তা করেন আশা করি বোর্ডে আসব। আমি আশা করি অভিজ্ঞতা বোর্ডের সঙ্গে ভাগাভাগি করতে পারব। আমার যে মেধা আছে তার পুরোটা প্রয়োগ করতে চাই।'
নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্রিকেট উন্নয়নে অবদানের কথা জানিয়ে পাইলট বলেন, 'আমি আশা করি আমার অভিজ্ঞতা বোর্ডের সাথে ভাগাভাগি করতে পারব। রাজশাহী অঞ্চলে ক্রিকেটের অবকাঠামোর বাজে অবস্থা, খুবই দুঃখজনক। সব জেলায় খেলা হয় না। আম্পায়ার, কোচদের সুযোগ-সুবিধা কম। যদি রাজশাহীর ৮ জেলার কাউন্সিলররা আমাকে যোগ্য ব্যক্তি মনে করেন, আমি আমার ক্রিকেটীয় অভিজ্ঞতা বোর্ডের সাথে ভাগাভাগি করতে চাই।'
নিজের কার্যক্রম নিয়ে তিনি বলেন, 'যেভাবে যাচ্ছি তা খুবই ধীর প্রক্রিয়া। আমার যে মেধা আছে তার পুরোটা প্রয়োগ করতে চাই। পুরোটা সময় আমি মাঠে সময় কাটিয়েছি। প্রত্যেক মানুষ আশা করে আমরা কিছু একটা করব। সেই দায়িত্ববোধ থেকে আমার মনে হয়েছে এটাই সেরা সময়।'
- বিষয় :
- বিসিবি নির্বাচন
- খালেদ মাসুদ পাইলট
- ক্রিকেট
