আইসিসি হল অব ফেমে জয়াবর্ধনে-পোলক
হল অব ফেমে শন পোলক-মাহেলা জয়াবর্ধনে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১ | ০৮:৫৩ | আপডেট: ১৪ নভেম্বর ২০২১ | ০৮:৫৩
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে নতুন তিন ক্রিকেট কিংবদন্তিকে হল অব ফেমে যোগ করালো আইসিসি। এই ৩ জন হলেন- দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলিং অলরাউন্ডার শন পোলক, শ্রীলঙ্কার সাবেক ব্যাটার মাহেলা জয়াবর্ধনে এবং ইংল্যান্ড নারী দলের সাবেক ব্যাটার জ্যানেট ব্রিটিন।
রোববার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনালের আগে এই ৩ সাবেক ক্রিকেট তারকাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড।
চলতি বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ১০ জনকে এই স্বীকৃতি দেওয়া হয়। জুনে স্বীকৃতি পাওয়া ১০ জনের মধ্যে একজন ছিলেন মাহেলার সতীর্থ ও শ্রীলঙ্কার আরেক কিংবদন্তি সাঙ্গাকারা। এর আগে পেয়েছিলেন লঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।
শ্রীলঙ্কাকে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন সংস্করণেই নেতৃত্ব দিয়েছেন জয়াবর্ধনে। জয়াবর্ধনে ৬৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এরমধ্যে ১৪৯টি টেস্ট, ৪৪৮টি ওয়ানডে ও ৫৫টি টি-টোয়েন্টি। তিনি টেস্টে ১১ হাজার ৮১৪ রান, ওয়ানডে ১২ হাজার ৬৫০ রান ও টি-টোয়েন্টিতে ১৪৯৩ রান। বল হাতে ১৪টি উইকেটও আছে জয়াবর্ধনের দখলে।
পোলক দক্ষিণ আফ্রিকার পক্ষে ১০৮টি টেস্ট, ৩০৩টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সাদা পোশাকে পোলক শিকার করেছেন ৪২১টি উইকেট। ওয়ানডেতে তার দখলে আছে ৩৯৩টি উইকেট এবং টি-টোয়েন্টিতে তিনি পেয়েছেন ১৫টি উইকেট। ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৯ বছর দক্ষিণ আফ্রিকার পক্ষে খেলেছেন এই পেসার।
নারী ক্রিকেটার ব্রিটিন ইংল্যান্ডের পক্ষে খেলেছেন ১৯৭৯ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দীর্ঘ ১৯ বছর। ২৭টি টেস্টে তার সংগ্রহ ১৯৩৫ রান ও ৯টি উইকেট। ৬৩টি ওয়ানডে ম্যাচে ব্রিটিন সংগ্রহ করেছেন ২১২১ রান ও ৮টি উইকেট। উভয় সংস্করণেই পাঁচটি করে শতক করেন ব্রিটিন।