রেকর্ড দামে বিক্রি ব্র্যাডম্যানের ট্রিপল সেঞ্চুরির ব্যাট
স্যার ডন ব্রাডম্যান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১ | ০৪:৩৮ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ | ০৪:৩৮
ক্রিকেটবিশ্ব তাকে একনামে চেনে। ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের নাম শোনেনি এমন লোক খুব কমই রয়েছেন। একটা সময় নিজের দেশ অস্ট্রেলিয়াকে নেতৃত্বও দিয়েছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার। বর্ণময় ক্যারিয়ারে দু'টি ট্রিপল সেঞ্চুরিও করেছিলেন তিনি।
১৯৩৪ সালের অ্যাশেজ সিরিজে ৭৫৮ রান করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। এর মধ্যে ছিল হেডিংলিতে ৩০৪ রানের এক ইনিংস। দ্য ওভালে ২৪৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ৮৭ বছর পর এই টেস্টে ব্যবহার করা ব্রাডম্যানের ব্যাটটি বিশাল অঙ্কের মূল্য বিক্রি হল। নিলামে আড়াই লক্ষ অস্ট্রেলিয়ান ডলার দিয়ে সেটিকে কিনে নিলেন এক ব্যক্তি। বাংলাদেশী টাকায় যা প্রায় দুই কোটি চৌদ্দ লাখ।
ব্যাটে আছে ব্র্যাডম্যানের অটোগ্রাফও, আর তাতে লেখা, 'এটা সেই ব্যাট যেই ব্যাট দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে লিডসে ৩০৪ এবং দ্য ওভালে ২৪৪ রান করেছিলাম, ১৯৩৪ সালে।'
ঐতিহাসিক ব্যাটটি আগে বিক্রি হয়েছিল। ব্যাটের মালিক ১৯৯৯ সালে এটিকে নিউ সাউথ ওয়েলসের ব্র্যাডম্যানের মিউজিয়ামে রেখে দিয়েছিলেন। বিখ্যাত ক্রিকেট সরঞ্জাম নির্মাতা দ্য উইলিয়াম সাইকস অ্যান্ড সন্স ব্যাটটি তৈরি করে।
মিউজিয়ামের কর্তা রিনা হোরা বলেন, 'এই ব্যাটের মূল্য নির্ধারণ করা কার্যত অসম্ভব। এই ব্যাট দিয়ে শতরান করার পর ব্র্যাডম্যান ব্যাটে নিজের হাতে তা লিখে গেছেন। এটা একটা সম্পদ।'
১৯২৮ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ব্র্যাডম্যান। ৫২ টেস্টে ৯৯.৯৪ গড়ে ৬,৯৯৬ রান করেছেন ব্র্যাডম্যান। ২৯টি সেঞ্চুরির সঙ্গে তার ১২টি ডাবল সেঞ্চুরি ও দুটি ট্রিপল সেঞ্চুরি ছিল।
- বিষয় :
- স্যার ডন ব্র্যাডম্যান
- নিলাম
- ব্যাট
