বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড একাদশে কনওয়ে-ওয়াগনার
বাংলাদেশের জন্য সব সময়ই ভীতির নাম নেইল ওয়াগনার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১ | ০৫:৩৫ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ | ০৫:৩৫
কোয়ারেন্টিন জটিলতা কাটিয়ে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিতে অনুশীলন করেছে বাংলাদেশ। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আশাবাদ ব্যক্ত করেছেন, প্রথম টেস্টের আগে ছন্দে ফিরবেন মুমিনুল হকরা। আর মূল লড়াইয়ে নামার আগে স্বাগতিকদের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ডে ক্রিকেট।
স্থানীয় ক্রিকেটারদের নিয়ে গড়া কিউইদের ওই দলে রাখা হয়েছে জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার ডেভন কনওয়ে ও বাঁহাতি পেসার নেইল ওয়াগনারকে। মূল লড়াই শুরুর আগে তাই তারাও পাচ্ছেন নিজেদেরকে পরখ করে নেওয়ার সুযোগ।
মূলত মূল লড়াইয়ে নামার আগে ম্যাচ খেলার সুযোগ করে দিতেই ওয়াগনার ও কনওয়েকে প্রস্তুতি ম্যাচের দলে অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ডের নির্বাচক প্যানেল। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ কঠিন হবে, এমন অভিমত ব্যক্ত করে ওয়াগনার বলেন, 'লাল বল হাতে নিতে ভালোই লাগবে। বাংলাদেশের বিপক্ষে কঠিন সিরিজে মাঠে নামার আগে খেলায় ফেরার জন্য এই ম্যাচ যথার্থ।'
ওয়াগনার চোটের কারণে ভারত সফরের দলে ছিলেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পাওয়ায় কনওয়েও ছিলেন না সেই সফরে। তিনি বলেন, 'প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরতে আমি মুখিয়ে আছি। আশা করি ফিট হিসেবে নিজেকে প্রমাণ করতে পারব।'
আগামী ২৮-২৯ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালের দুই নম্বর মাঠে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশ। এরপর শুরু হবে মূল সিরিজ। বে ওভালের মূল মাঠে ১ জানুয়ারি প্রথম টেস্টে কিউইদের মোকাবিলা করবে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে মুমিনুল হকদের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি।
নিউজিল্যান্ড একাদশ:
মারা আভে, জ্যাকব বুলা, জ্যাক বয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব কামিং, জোয়ি ফিল্ড, জ্যারড ম্যাকাই, টিম প্রিঙ্গেল, ব্রেট র্যান্ডেল, মিক রেনউইক, টিম রবিনসন, নেইল ওয়াগনার।
- বিষয় :
- ডেভন কনওয়ে
- নেইল ওয়াগনার
- বাংলাদেশ
- নিউজিল্যান্ড
