নাপোলিকে হারিয়ে শেষ ১৬-তে বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ০১:৩৫ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ০১:৩৫
নাপোলির ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিয়ে ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করলো বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে দি আরমানদো ম্যারাডোনা স্টেডিয়ামে স্বাগতিক নাপোলিকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থেকে শেষ ষোলোতে জাভি হার্নান্দেসের দল। এর আগে ন্যু ক্যাম্পে ১-১ গোলে ড্র করেছিল দুই দল।
শুরুতেই বার্সেলোনাকে এগিয়ে নেন জর্দি আলবা। ৮ মিনিটে সফরকারীদের এগিয়ে দেন তিনি। এর ঠিক ৫ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং। দ্রুত দুই গোল হজম করে নাপোলি ম্যাচে ফেরে পেনাল্টি গোল থেকে। ২৩ মিনিটে স্পট থেকে ব্যবধান কমান অভিজ্ঞ লরেঞ্জো ইনসিনিয়ে।
তবে এগিয়ে যেতে বেশিক্ষণ সময় নেয়নি জাভির দল। প্রথমার্ধেই তিন গোল করে নাপোলিকে ছিটকে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা। ৪৫ মিনিটে জেরার্ড পিকের গোলে ব্যবধান ৩-১ করে। বাঁ দিক থেকে জর্দি আলবার নিচু ক্রস বক্সের ভেতরে ডান পায়ে নিয়ন্ত্রণ নিয়ে বাম পায়ে শটে দুরের পোস্টে লক্ষ্যভেদ করে স্প্যানিশ এই ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধে সেই গতি ধরে রাখতে পারেনি বার্সেলোনা। মাত্র ১ গোল আদায় করে নেয় তারা। ৫৯ মিনিটে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের বার্সেলোনার চতুর্থ গোলটি করেন। এতেই জয় নিশ্চিত হয় বার্সেলোনার। ৮৭ মিনিটে মাত্তেও পলিতানোর গোল ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি নাপোলির। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের জয় নিয়ে পরের রাউন্ডে পৌঁছেছে বার্সা।
আজ শুক্রবার সুইজারল্যান্ডের নিওনে ইউরোপা লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- নাপোলি
- বার্সেলোনা
- ইউরোপা লিগ
