ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিউজিল্যান্ডে 'জ্যোতি' ছড়াতে চান নিগার সুলতানারা

নিউজিল্যান্ডে 'জ্যোতি' ছড়াতে চান নিগার সুলতানারা
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ২৩:২০

যে কোনো প্রথম নিয়ে সবাই রোমাঞ্চ থাকে। খেলাধুলায় সেটা একটু বেশি। ওয়ানডে বিশ্বকাপের সময় ঘনিয়ে আসায় বাংলাদেশ নারী ক্রিকেট দলেও বাড়ছে রোমাঞ্চ। কারণ নিগার সুলতানা জ্যোতিরা প্রথমবার খেলবেন ওয়ানডে বিশ্বকাপ। গতকাল অফিসিয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানান, স্মরণীয় করে রাখতেই বিশ্বকাপ মঞ্চ রাঙানোর চেষ্টা করবেন তারা।

সালমা-জাহানারা জাতীয় দলে খেলছেন লম্বা সময়। চারটি টি২০ বিশ্বকাপ খেলা হয়ে গেছে সিনিয়র ক্রিকেটারদের। এই দলের অনেকেরই হয়তো প্রথম এবং শেষ বিশ্বকাপ এটি। তাই নিউজিল্যান্ড বিশ্বকাপ সালমাদের ক্যারিয়ারে ক্রিকেট বসন্তের মতোই। যেখানে আরও কিছু নতুনের স্বাদ নিতে পারবেন তারা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক করার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশকে। এসব কারণেই বিশ্বকাপের রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে নারী দলে। নিগার সুলতানা যেমন বলেছেন, 'আমরা এই বিশ্বকাপকে স্মরণীয় করতে চাই। কারণ এটি আমাদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ। আমরা সেরাটা খেলতে চাই। আমাদের দলে ভালো মানের অভিজ্ঞ ক্রিকেটার আছে। তারা জানেন মূল ম্যাচে কী করতে হবে। আমরা সব প্রস্তুতি নিয়ে মূল ম্যাচের জন্য ফোকাস করছি।' বিশ্বকাপে ভালো করার জন্যই নিউজিল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প হয়েছে নারী দলের। ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। আজ ভোর ৪টায় ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ৫০ ওভারের গা গরমের ম্যাচ। ২ মার্চ আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। নিগার সুলতানার মতে, 'টি২০ বিশ্বকাপের পর থেকেই আমরা অনেক পরিশ্রম করছি। কারণ আমরা জানি, ওয়ানডে বিশ্বকাপে খেলার দারুণ একটা সুযোগ। আমরা চারটি টি২০ বিশ্বকাপ খেলেছি কিন্তু ওয়ানডে বিশ্বকাপ এই প্রথম। বিশ্ব ক্রিকেটকে দেখানোর এটাই সুযোগ যে, আমরা ভালো দল।'

আরও পড়ুন

×