বিনিয়োগকারীদের সহনশীলতা টেকসই পুঁজিবাজার গঠনে গুরুত্বপূর্ণ: বিএসইসি কমিশনার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ২২:৫৪
পরিবর্তনশীল বাজার পরিস্থিতি মোকাবিলা, বিনিয়োগের ঝুঁকি ব্যবস্থাপনা এবং সঠিক আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সহনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার নাফিজ আল তারিক।
তিনি বলেন, সচেতনতা ও আর্থিক জ্ঞান বৃদ্ধি, ঝুঁকি ও মুনাফা সম্পর্কে সুস্পষ্ট ধারণা, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিয়োগে শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে বিনিয়োগকারীদের সহনশীলতা গড়ে উঠে। দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি বজায় রাখা, অনিশ্চয়তার সময় বিচক্ষণতা অবলম্বন এবং আবেগপ্রসূত সিদ্ধান্ত পরিহার করা একটি সহনশীল বিনিয়োগ আচরণের অন্যতম অংশ, যা বাজারে আস্থা, স্বচ্ছতা ও স্থিতিশীলতা বৃদ্ধির মাধ্যমে একটি টেকসই ও শক্তিশালী পুঁজিবাজার গঠনে ভূমিকা রাখে।
‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’ উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ল্যা মেরিডিয়েনের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ পিএলসি (সিডিবিএল) এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ পিএলসি (সিসিবিএল) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। এ বছরের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্যাপনের মূল প্রতিপাদ্য বাজারের অনিশ্চয়তা মোকাবিলা, তথ্যভিত্তিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আর্থিক স্বার্থ সুরক্ষার সক্ষমতা জোরদার করা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবদুল মোতালেব। তিনি বিনিয়োগকারীদের সচেতনতা, সক্ষমতা ও আস্থার গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে বিনিয়োগকারীদের তথ্যের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নতুন মোবাইল অ্যাপ চালু, প্রযুক্তির আধুনিকায়ন ও তথ্য হালনাগাদের বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিবিএলের পরিচালক সৈয়দ হাম্মাদুল করিম। সভাপতিত্ব করেন সিডিবিএলের পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সিসিবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আসম খায়েরুজ্জামান। ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ মোহাম্মদ রাশেদুল হাসান, লংকাবাংলা ইনভেস্টমেন্টের সিইও ইফতেখার আলম, লংকাবাংলা সিকিউরিটিজের সিইও খন্দকার সাফাত রেজা, এজ্ অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী ইমাম এবং সিডিবিএলের সিএফও ও কোম্পানি সচিব শহীদুল ইসলাম।
- বিষয় :
- বিএসইসি
- বিএসইসি চেয়ারম্যান