সিলেটে প্রশাসকের দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:১৯
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাইয়ুম চৌধুরী। সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বুধবার আনুষ্ঠানিকভাবে বিদায়ী প্রশাসক, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে নগর ভবনে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিসিকের কর্মকর্তারা।
দায়িত্বগ্রহণের পর কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে বলেন, নগরীর সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে। একই সঙ্গে এই নগরীর মানুষ যাতে দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা পান সেটা আরও জোরদার করার। পাশাপাশি সিসিকের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করা হবে।
এক প্রশ্নের জবাবে কাইয়ুম চৌধুরী সিলেটের মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদিরের কথা উল্লেখ করে বলেন, তাদের সাহায্য প্রয়োজন। এ ছাড়া সবাইকে নিয়ে একত্রিত হয়ে কাজ করতে চান। কাইয়ুম চৌধুরী প্রাথমিকভাবে পরিচ্ছন্নতা, মশানিধন ও নগরীর শৃঙ্খলা নিয়ন্ত্রণে পরিকল্পনার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ শুরু করবেন বলে জানান।
গত রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে কাইয়ুম চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার মন্ত্রণালয়ে যোগদান শেষে বুধবার সিলেট ফিরে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন। বেলা দুইটার দিকে নগর ভবনে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন।
সিলেটের ফেঞ্চুগঞ্জের বাসিন্দা আব্দুল কাইয়ুম চৌধুরী ছাত্রদলের রাজনীতি দিয়ে বিএনপিতে আসেন। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক ও সহসভাপতির দায়িত্ব পালন করেন। বিএনপি সরকারের আমলে এম সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে তাঁর রাজনৈতিক সচিবের দায়িত্বও পালন করেন কাইয়ুম চৌধুরী। প্রায় ১০ বছর তিনি সাইফুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সাইফুর রহমানের মৃত্যুর পর কাইয়ুম চৌধুরী সিলেট বিএনপির রাজনীতিতে যুক্ত হন। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালে জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে জয়লাভ করেন কাইয়ুম চৌধুরী। সরকার পরিবর্তনের পর শাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে দলের মনোয়ন চেয়েও পাননি। নির্বাচনে তাঁকে সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে সমন্বয়কের দায়িত্ব দেয় বিএনপি।
- বিষয় :
- সিলেট সিটি করপোরেশন
- প্রশাসক
- সভাপতি
