চাঁদাবাজি ও দুর্নীতিকে উৎখাত করা হবে: এমপি সৈয়দ মো. ফয়সল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৪৪ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৫৭
হবিগঞ্জের মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবারের এই জনসভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
প্রধান অতিথির ভাষণে সৈয়দ ফয়সল বলেন, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না। এসব অপকর্মের বিরুদ্ধে এখন থেকেই কঠোর অবস্থান নিতে হবে এবং সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। মাধবপুর ও চুনারুঘাটের প্রায় ৬ লাখ মানুষ অনেক আশা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। সভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সৈয়দ ফয়সল সবার উদ্দেশে এ অভিমত রাখেন, যে-ই চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত থাক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বার্থে তাঁকে কঠিন হতে হবে। এতে কেউ কষ্ট পেলেও জনগণের স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না। মানুষের সুখ-শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর প্রথম দায়িত্ব।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এরই মধ্যে সৈয়দ ফয়সল তাঁর নির্বাচনী এলাকার চা বাগান শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়েও দৃঢ় অবস্থান নিয়েছেন।এ ব্যাপারে তিনি বলেন, চা বাগান এলাকার মানুষ দীর্ঘদিন নানা বঞ্চনার শিকার। তাদের ন্যায্য অধিকার ও সমঅধিকার নিশ্চিত করা হবে। সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সে পরিবেশ গড়ে তোলা হবে। সেই সঙ্গে যে মাদক যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে তা নির্মূল করা হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান বলেন, বর্তমান পরিস্থিতিতে দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।তিনি দলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান এবং উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সহসভাপতি পারভেজ হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গণসংবর্ধনা সভায় নেতাকর্মীরা সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলকে ফুলেল শুভেচ্ছা জানান।
- বিষয় :
- উপজেলা
- গণসংবর্ধনা
- জনসভা
