ডিজিটাল ইকোসিস্টেমে নতুন পরিষেবা ওয়ান
ডিজিটাল কনটেন্টকে সহজলভ্য করবে ওয়ান
টেকলাইফ প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ০০:১৮ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ | ১৮:৫০
ডিজিটাল ক্ষমতায়নকে বাস্তবায়নে ‘ওয়ান’ নামে অভিনব উদ্যোগ উন্মোচন করেছে দেশের টেলিযোগাযোগ সেবাদাতা গ্রামীণফোন। দুর্দান্ত সব উদ্ভাবনের মাধ্যমে টেলিযোগাযোগ পরিষেবাকে গ্রাহকবান্ধব করতেই এমন উদ্যোগ।
দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে গ্রাহক চাহিদা প্রতিনিয়ত বদলে যাচ্ছে; সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে সংযোগের বাইরেও নিত্যনতুন উদ্ভাবনকে সহজে ব্যবহারযোগ্য করবে এই প্ল্যাটফর্ম।
সারাদেশে টেলিকম সেবা থেকে ভবিষ্যমুখী টেলকো-টেক পরিষেবা প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে এই অপারেটর। পরিষেবা ওয়ানের মূল আকর্ষণ ছিল ডেডিকেটেড লঞ্চপ্যাড। যার মাধ্যমে গ্রাহক দৈনন্দিন জীবনযাত্রার মানোন্নয়নে নিত্যনতুন উদ্ভাবনী ডিজিটাল সল্যুশন ও সেবা পাবে। এর মধ্যে রয়েছে জিপি শিল্ড, যা ম্যালওয়্যারের মতো অনলাইন ঝুঁকি মোকাবিলায় ডিজিটাল গেটওয়ে সুরক্ষা হিসেবে কাজ করবে। দেশে প্রথমবার চালু হওয়া অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+, যার মাধ্যমে চরকি, হইচই ছাড়াও ৯টি প্ল্যাটফর্মের সব ওটিটি কনটেন্ট উপভোগের সুযোগ পাবেন গ্রাহক।
অন্যদিকে, চালু হয়েছে পাঁচ হাজারের বেশি অনলাইন গেম ছাড়াও গেমিং প্ল্যাটফর্ম ইন্টিগ্রেটর ওয়ান গেমস। জিপিএফআই (ওয়্যারলেস হোম ব্রডব্যান্ড), নেটওয়ার্ক ও আলোর (আইওটি সল্যুশন) সময়োপযোগী আপডেট পাওয়া যাবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে ‘ওয়ান’ সময়োপযোগী পদক্ষেপ। একই প্ল্যাটফর্মে বহুমুখী পরিষেবা পাওয়ার সময় এখন। স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে মৌলিক বিষয় হচ্ছে ডিজিটাল সুরক্ষা। এ ক্ষেত্রে জিপি শিল্ড এমন পদক্ষেপ, যা সুরক্ষিত ও দায়িত্বশীল সংযোগ নিশ্চিত করবে। ডিজিটাল অ্যাকসেসের আওতা বাড়াতে ও গ্রাহক সন্তুষ্টির অগ্রগতিতে কার্যকর পরিষেবা। সবকিছুতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিনোদন ও নেটওয়ার্ক অপ্টিমাইজেশনের জিপির নেওয়া পদক্ষেপ দর্শকের চাহিদা পূরণ করবে। নিরাপত্তার সঙ্গে এমন সব উদ্ভাবন আমাদের ডিজিটাল ভবিষ্যৎকে এগিয়ে নেবে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, বাংলাদেশের তরুণদের সীমাহীন সম্ভাবনায় দৃঢ় আস্থা রয়েছে। ইতোমধ্যে ডিজিটাল উদ্ভাবন ও একাগ্রতার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়েছেন অনেক ক্রিয়েটর, গেমার, ফ্রিল্যান্সার ও স্বপ্নবাজ। গ্রামীণ আবহ থেকে শুরু করে বৈশ্বিক প্ল্যাটফর্ম– সব ক্ষেত্রে ক্যারিয়ার গড়ছেন, বিশ্ব জয় করছেন, বদলেছেন এগিয়ে যাওয়ার সেকেলে ধ্যান-ধারণা। ওয়ান তাদের জন্যই তৈরি, যারা ইকোসিস্টেমে দ্রুত, নিরাপদ ও ক্ষমতায়নে সহায়ক সংযোগ নিশ্চিতে আগ্রহী। এটি হবে তাদের স্বপ্ন পূরণের পথে বিকল্পহীন সহযাত্রী। এটি শুধু প্রযুক্তির বিষয় নয়; এটি পরবর্তী প্রজন্মের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি, যা তাদের এগিয়ে নেবে ভবিষ্যতে।
- বিষয় :
- প্রযুক্তি
- বিটিআরসি
- বিটিআরসির চেয়ারম্যান
