ফোল্ডিং ফোনের ৫ মডেল
ফাইল ছবি
সাব্বিন হাসান
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ০০:২২ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ | ১৮:৫৩
| প্রিন্ট সংস্করণ
চলতি বছরের মধ্যভাগে এসে উন্মাদনা বাড়িয়েছে ফোল্ডেবল ডিভাইসের আগমনী বার্তা। কারণ, বিশ্বের সাড়াজাগানো কয়েকটি প্রযুক্তি ব্র্যান্ড একই সময়ে উন্মোচন করতে চলেছে সময়ের সবচেয়ে আধুনিক ডিভাইস।
জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে বিশ্ববাজারে আসতে শুরু করবে একগুচ্ছ ভাঁজযোগ্য (ফোল্ডিং) স্মার্টফোন। কী মডেলের সঙ্গে কেমন সুবিধা পাওয়া যাবে, তা নিয়ে প্রশ্ন আসা স্বাভাবিক। তারই সদুত্তরে যেসব তথ্য সামনে এলো
ভাঁজ করা নতুন অ্যান্ড্রয়েড ডিভাইস উন্মোচন করতে চলেছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও চীনা ব্র্যান্ড ভিভো। আইফোন ফোল্ড ফোন নিয়ে কাজ করলেও এখনও বলার মতো তেমন সুনির্দিষ্ট তথ্য সামনে আসেনি। সুনির্দিষ্ট কী কী বিশেষ সুবিধা আর পরিষেবা থাকবে এসব ফোনে, তা নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে জল্পনা-কল্পনা। স্মার্ট অবয়বে কে কতটা এগিয়েছে, তা দেখা এখন সময়ের অপেক্ষা।
খবরে প্রকাশ, জুলাইয়ের তৃতীয় সপ্তাহে অন্তত দুটি ফোল্ডিং স্মার্টফোন বাজারে আনতে চলেছে স্যামসাং। মডেল দুটি যথাক্রমে জেড সিরিজের ফ্লিপ সেভেন আর ফোল্ড সেভেন। ফ্লিপ মডেলের পরীক্ষামূলক সংস্করণ ভক্তদের কাছে উপস্থাপনে পরিকল্পনা করেছে বহুজাতিক দক্ষিণ কোরীয় প্রযুক্তি নির্মাতা। বিশেষ আকর্ষণে থাকবে ওয়াচ এইট আর ওয়াচ এইট ক্ল্যাসিক ঘরানার স্মার্ট ঘড়ি।
এক্স ফোল্ড ফাইভ
অন্যদিকে, আরেক উদ্ভাবনী ব্র্যান্ড ভিভো যে নতুন ফোল্ডিং ফোন আনছে, তার নাম এক্স ফোল্ড ফাইভ। চীনের নির্মাতার দাবি, উল্লিখিত ফোল্ডিং ডিভাইস ভাঁজ করলে ডিভাইসটি আইফোনের থেকেও পাতলা গড়নের হয়ে পড়বে। থাকবে তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। সঙ্গে থাকবে ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স।
সিরিজ এক্সপেরিয়া
আবার জাপানি প্রযুক্তি ব্র্যান্ড সনি অবশ্য স্মার্টফোনের ব্যবসা থেকে ক্রমান্বয়ে সরে দাঁড়িয়েছে। ব্র্যান্ডটির এক্সপেরিয়া সিরিজের নতুন যে ফোনটির বাজারে আনার আলোচনায় রয়েছে, তা নির্মাণের দায়িত্ব ইতোমধ্যে অন্য সংস্থাকে দিয়েছে সনি। অন্যদিকে, জাপানি ব্র্যান্ডটি থাইল্যান্ড ও চীনের স্মার্টফোনের ইউনিট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ফোল্ড সেভেন
গ্যালাক্সি জেড সিরিজের ফোল্ড সেভেন ভাঁজযোগ্য ফোল্ডেবল স্মার্ট ডিভাইস, যা দেখতে অনেকটা পাতলা বইয়ের মতো। নির্মাতা বলছে, ফোল্ডেবল ফোনে পাওয়া যাবে আলট্রা এক্সপেরিয়েন্স। ফুল এইচডি রেজল্যুশনের সঙ্গে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে এই ডিভাইসে। রিয়ার ক্যামেরা ২০০ মেগাপিক্সেলের, ১৬ জিবি র্যাম ও এক টেরাবাইট স্টোরেজের সুবিধা দেবে মডেলটি।
ফ্লিপ সেভেন
ডিভাইস গবেষকরা বলছেন, ফ্লিপ স্মার্টফোনের চাহিদা বেড়েছে সারাবিশ্বে। রয়েছে ডুয়াল ক্যামেরা। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স ফটোগ্রাফির ধারণাই বদলে দেবে। ১২ জিবি র্যামের সঙ্গে স্টোরেজ পাওয়া যাবে ২৫৬ জিবি। বর্ধিত মেমোরি হবে ৫১২ জিবি।
ফ্লিপ এফই
সিরিজের ফ্লিপ এফই মডেল কবে নাগাদ উন্মোচন হবে, তা নিয়ে অপেক্ষার দীর্ঘ প্রহর গুনছেন গ্যাজেটপ্রেমীরা। এই ফ্লিপ ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। র্যাম থাকবে ৮ জিবি। দুটি সংস্করণ ১২৮ জিবি ও ২৫৬ জিবি– স্টোরেজ পাবেন গ্রাহক। বিশেষ সুবিধা দেবে ওয়্যারলেস চার্জিং।
গ্যালাক্সি ওয়াচ
ওয়াচ এইট আর ওয়াচ এইট ক্ল্যাসিক– দুটি স্মার্টওয়াচ দারুণ সাড়া জাগিয়েছে, যা দেখতে ক্ল্যাসিক রিস্টওয়াচের মতো। ওয়াচ এইট মডেলে থাকছে দুই জিবি র্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। অন্যদিকে, এইট ক্ল্যাসিক মডেলে রয়েছে ২ জিবি র্যাম আর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। অনেক ফোল্ডিং স্মার্টফোন গ্রাহকের অভিযোগ, এমন ফোনের ব্যাটারি খুব দ্রুত ফুরিয়ে যায়। নির্মাতারা বলছে, ভাঁজ করা স্মার্ট ডিভাইস তৈরির সময় তারা এতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এক্স ফোল্ড ফাইভে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে। ফলে প্রতিযোগিতার বাজারে মডেলটি স্যামস্যাং ব্র্যান্ডকে চ্যালেঞ্জ করবে বলে মনে করছেন ডিজিটাল গ্যাজেটস গবেষকরা।
- বিষয় :
- স্মার্টফোন
- আইফোন
- স্যামসাং
- ভিভো
