ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জিপিটির নতুন মডেল নিয়ে যা বললেন স্যাম

জিপিটির নতুন মডেল নিয়ে যা বললেন স্যাম
×

চ্যাটজিপিটির নতুন সংস্করণ নিয়ে যা বললেন স্যাম অল্টম্যান

মুস্তাফা তৌহিদ

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ | ০০:৪৫ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ | ১১:৪২

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় বিপ্লবের সূচনা করে চ্যাটজিপিটি। কিছুদিন আগে ওপেনএআই তার চ্যাটজিপিটি মডেলে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে।

নতুন সংস্করণের নাম দেওয়া হয়েছে জিপিটি-৫। সংস্থার তরফে বিশেষ আপডেটের কথা বলা হলেও গ্রাহক যে প্রথম দর্শনে তা পছন্দ করেননি, তা সুস্পষ্ট করে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন।

চ্যাটজিপিটি গ্রাহকের রেডিট নামে বিশেষ কমিউনিটি রয়েছে। সেখানেই অনেকে পুরোনো মডেলের সুখ্যাতি করেছেন। ইতোমধ্যে নতুন জিপিটি-৫ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে অনেকে। আগের সংস্করণের মতো জিপিটি ফাইভে কাজ করে সুবিধা মিলছে না বলে জানান। অভিযোগে বলা হয়, নতুন সংস্করণে যথাযথ উত্তর মিলতে দেরি হচ্ছে, ভুল তথ্যও দিচ্ছে নতুন সংস্করণ।

অবশ্য জিপিটি-৫ নিয়ে ওঠা সব ধরনের অভিযোগ মানতে নারাজ ওপেনএআই প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান। 

গ্রাহক একাংশের অভিযোগ ছিল, তাদের সঙ্গে মানসিকভাবে জুড়ে থাকছে না চ্যাটজিপিটির নতুন ধারণা। একে ‘মানসিক দূরত্ব’ বলে উল্লেখ করা হয়। নিজের এক্স হ্যান্ডলে অল্টম্যান লিখেছেন, সুনির্দিষ্ট কিছু এআই মডেলের সঙ্গে বেশ কিছু গ্রাহকের মানসিক সংযোগ তৈরি হয়েছে। আগে যত ধরনের প্রযুক্তি এসেছে, সেসবের সঙ্গে বিচার করলে নতুন সংস্করণে অবশ্যই ভিন্নতা রয়েছে। কিছুদিনের মধ্যে ক্রমান্বয়ে তা দৃশ্যমান হবে। চ্যাটজিপিটি-৪ সংস্করণে অনেক সময়ই গ্রাহকের সঙ্গে এআই মডেলের মানসিক সংযোগ তৈরি করছিল বলে জানায় ওপেনএআই। সর্বশেষ মার্চে পরিচালিত গবেষণায় এমন তথ্যই প্রকাশ করে সংস্থাটি। গবেষণায় সামনে আসে, বেশ কিছু ক্ষেত্রে গ্রাহক এই সংস্করণের সঙ্গে মানসিক বন্ধনে জুড়ে গিয়েছিল।

দিনরাত এআই মডেলের সঙ্গে গল্প-আড্ডা দেওয়ার মধ্যে কাজ করছিলেন অনেকে। ঠিক তার পরই বড় ধরনের আপডেট প্রকাশের ঘোষণা দেয় ওপেনএআই। অল্টম্যানের ভাষায়, অনেক ব্যক্তি জিপিটিকে লাইফ কোচ হিসেবে ব্যবহার করছিলেন। জিপিটি-৪ অনেকাংশে চাটুকারের মতো ফিডব্যাক দিয়েছে। অনেক বিষয়ে আগের সংস্করণের সীমাবদ্ধতা বিবেচনা করেই জিপিটি-৫ আনার সিদ্ধান্ত চূড়ান্ত করে সংস্থাটি।

কিছুদিন আগে সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেটের গবেষকরা জানিয়েছেন, চ্যাটজিপিটি থেকে আত্মহত্যা, মাদক ব্যবহার-সংক্রান্ত বিষয়ে ক্ষতিকর পরামর্শ পেয়েছেন হতাশাগ্রস্ত কিশোররা।

এমন অভিযোগের সদুত্তরে স্যাম অল্টম্যান বলেন, আমরা গ্রাহকের মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান ও শ্রদ্ধা করি। কিন্তু নতুন ধারার প্রযুক্তি প্রচলনের আগে সম্ভাব্য বিপদের বিষয়ে আমরা দায়বদ্ধ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সময় কিছু দায়িত্বও নিতে হয়। কারণ, ভবিষ্যতে নেওয়া সব ধরনের সিদ্ধান্তের পেছনে পরামর্শক হিসেবে কাজ করবে এখনকার এআই।

আরও পড়ুন

×