ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নতুন বছরে আইফোন নিয়ে কী করবে অ্যাপল

নতুন বছরে আইফোন নিয়ে কী করবে অ্যাপল
×

মুস্তাফা তৌহিদ 

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ | ০৮:৪৯

চলতি বছরের মধ্যভাগে অ্যাপল নিজেদের আইফোন ১৭ সিরিজের কয়েকটি মডেল উন্মোচন করে। বছরের শেষভাগে অ্যাপলের আর কোনো নতুন ডিভাইস আসার সম্ভাবনা কম বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা।

২০২৬ সালের প্রথমার্ধে নতুন ডিভাইস ঘোষণা করতে পারে অ্যাপল। ইতোমধ্যে এমন আভাসের খবর ছড়িয়েছে। ডিজিটাল পণ্য বিশ্লেষক জেফ পু জানান, অ্যাপল সাশ্রয়ী দামের আইফোন, আইপ্যাড ও ম্যাকবুক নিয়ে কাজ করছে।

ইতোমধ্যে আইফোন ১৭ই মডেল ২০২৬ সালের প্রথম প্রান্তিকে আত্মপ্রকাশ করতে পারে বলে জানা গেছে। নতুন আইফোন ‘ই’ মডেলের ডিজাইন আগের মডেলের মতো সাদৃশ্য থাকবে, অর্থাৎ অবয়ব আর বাহ্যিক পরিবর্তন তেমন একটা বোঝা যাবে না।

নতুন কী থাকবে

অ্যাপল পারফরম্যান্স বাড়ানোর দিকে অবশ্যই গুরুত্ব দেবে। থাকতে পারে নতুন এ১৯ চিপ, ৮ জিবি র‌্যাম ও ১৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আগের মতো ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও 
নচ ডিজাইনও একই থাকতে পারে। মডেলে সি-ওয়ান মডেমই ব্যবহার করা হবে, নতুন সিওয়ানএক্স ফাইভজি মডেম ব্যবহার করা হবে না।

বাজেট আইপ্যাড ও ম্যাকবুক

অ্যাপল কম দামের আইপ্যাড ও ম্যাকবুক তৈরির সব ধরনের প্রস্তুতি নিয়েছে। যদিও এসব কম বাজেটের ডিভাইসের স্পেসিফিকেশন বা কবে তা আত্মপ্রকাশ করতে পারে, তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। কয়েকটি রিপোর্টের বরাতে জানা গেছে, এন্ট্রি- লেভেল আইপ্যাডে এ১৮ চিপ ও ৮ জিবি র‌্যাম থাকতে পারে।

সাশ্রয়ী দামের ম্যাকবুক তৈরিতে ধারণা, অ্যাপল হয়তো আইফোনের চিপ ব্যবহার করে নতুন ল্যাপটপ তৈরি করতে পারে। কিন্তু তার ডিজাইন ও হার্ডওয়্যারের ব্যাপারে সুস্পষ্ট কিছু জানা যায়নি। পুরোনো এমওয়ান ম্যাকবুক এয়ার মডেলের মতো হবে, নাকি নতুন ডিজাইনের হবে– তাও জানা সম্ভব হয়নি।

ভবিষ্যতের আইফোন 

অ্যাপল নিজেদের ভবিষ্যৎ রোডম্যাপে বেশ কিছু পরিবর্তন আনছে। ২০২৭ সালের শুরুতে আইফোন এয়ার টু, আইফোন ১৮ আর আইফোন ১৮ই মডেলের ঘোষণা আসতে পারে। এসব মডেলে নতুন সিটু মডেম ব্যবহৃত হবে, যা ফাইভজি নেটওয়ার্কের মানোন্নয়ন করবে। আগামী প্রো মডেলে ডায়নামিক আইল্যান্ডের অবয়ব ছোট হতে পারে। অন্যদিকে, বহুদিন থেকে আলোচনায় থাকা ফোল্ডেবল আইফোনে টাচ আইডি ব্যবহৃত হতে পারে। কিন্তু ফেস আইডি ব্যবহৃত হবে না বলে ধারণা দিয়েছেন অ্যাপল পণ্য বিশ্লেষক জেফ।

আরও পড়ুন

×