ক্লাউডফ্লেয়ার বিতর্ক যেন পিছু ছাড়ছে না
সাদি সাবেরিন
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ০৮:১৬
সারাবিশ্বে আরেক দফায় ক্লাউডফ্লেয়ার পরিষেবা ব্যাহতের ঘটনা সাড়া ফেলেছে; ছড়িয়েছে শঙ্কা। বিশ্বের কয়েকটি সংস্থা ক্লাউডফ্লেয়ারের পরিষেবা ব্যবহার করে থাকে। ঠিক এ কারণেই ওই সব সংস্থার পরিষেবা বিঘ্নিত হয়েছে।
কাজের সময় সার্ভিস না পেয়ে হতাশা প্রকাশ করেছেন গ্রাহকরা। এক্সের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমস্যার কথা তুলে ধরেছেন তারা। আগের মাসেও একই ধরনের সমস্যা দেখা গিয়েছিল।
ক্লাউডফ্লেয়ারের সার্ভিস ব্যাহত হওয়ায় ক্যানভা, ডাউনডিটেক্টরের মতো ওয়েবসাইটের পরিষেবায় বিঘ্ন ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্ম, চ্যাটজিপিটি, স্পুটিফাইয়ের মতো সংস্থার পরিষেবায় ব্যাহত হয়। ক্লাউডফ্লেয়ার ডাউন থাকার কারণে বিশ্বের কয়েকটি ডিজিটাল সংস্থার ওয়েবসাইটে কারিগরি ত্রুটি শনাক্ত হয়েছে।
চ্যাটজিপিটি, গ্রো, অ্যাঞ্জেল ওয়ানের মতো স্টক ব্রোকিং প্ল্যাটফর্মের পরিষেবায় বিঘ্ন ঘটেছে। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে এসব সংস্থার অ্যাপ, ওয়েবসাইট ব্যবহারে সমস্যায় পড়েন গ্রাহক।
পরিষেবা বিঘ্নের সমস্যা দ্রুতই সমাধান করা হয় বলে সংস্থার তরফ থেকে জানানো হয়। ড্যাশবোর্ড রিলেটেড অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সংক্রান্ত সমস্যার কারণেই প্রধানত এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে সংস্থার পক্ষে জানানো হয়।
চলতি বছরের নভেম্বরে ক্লাউডফ্লেয়ারের পরিষেবায় বিঘ্নের ঘটনা সারাবিশ্বে আলোচিত হয়। ওই সময়ও সমস্যায় পড়েছিল বিশ্বের কয়েকটি সংস্থার সাইট ও ডিজিটাল পরিষেবার কয়েকটি মাধ্যম।
মূলত ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি ক্লাউডফ্লেয়ার। ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচারবিষয়ক পরিষেবা বিশ্বের বৃহৎ কয়েকটি সংস্থাকে দিয়ে থাকে এই ক্লাউড সংস্থা। সাইট দ্রুত লোড হতে যেমন তা
সহায়তা করে, তেমনই সাইবার আক্রমণ থেকে সুরক্ষা দেয়।
ঠিক এ কারণেই অনেক সংস্থা ক্লাউডফ্লেয়ারের পরিষেবার ওপর নির্ভর করে। সাইট ও গ্রাহকের মধ্যে আস্থা ও নির্ভরশীল জায়গা তৈরির কাজ করে ক্লাউড পরিষেবার এ সংস্থা।
- বিষয় :
- ওয়েবসাইট
