ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডিজিটাল পরিষেবা এখন জনবান্ধব

ডিজিটাল পরিষেবা এখন জনবান্ধব
×

টেকলাইফ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬ | ১১:৫৩

নাগরিকবান্ধব ডিজিটাল পরিষেবার বিস্তার, সরকারি সেবা ব্যবস্থাপনাকে সুদৃঢ়করণ, অন্তর্ভুক্তিমূলক জনসেবায় উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ পুনর্গঠনে কাজ করেছে অ্যাস্পায়ার-টু-ইনোভেট (এটুআই) প্রোগ্রাম।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং তাঁর বিশেষ সহকারীর দিকনির্দেশনা ও এটুআইর কারিগরি সহায়তায় নাগরিক সেবা বাংলাদেশ উদ্যোগটি বাস্তবায়নে কাজ চলছে। জানা গেছে, ইতোমধ্যে হাজারের বেশি উদ্যোক্তাকে প্রশিক্ষণ ছাড়াও সারাদেশে পাঁচ শতাধিক নাগরিক সেবাকেন্দ্র চালু রয়েছে। যার মাধ্যমে শহর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের নাগরিকরা সহজেই সরকারি সেবা নিতে পারছেন। দৃশ্যমান অগ্রগতির মধ্যে ছিল একীভূত সেবা গেটওয়ে হিসেবে মাইগভ প্ল্যাটফর্মে নতুন ১৬৮টি সেবা যুক্ত ও প্ল্যাটফর্মের অন্য সব সেবাকে সহজলভ্য করা। এতে নাগরিকদের সেবা নেওয়ার আগ্রহ যেমন বেড়েছে, তেমনি আবেদন গ্রহণ থেকে নিষ্পত্তি পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে।

ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশের ৬৪টি জেলার সব জেলা প্রশাসকের কার্যালয়ে মাইগভের ডিজিটাল কার্যক্রম সচল রয়েছে। বর্তমানে ১১১টি ডিজিটাইজড ফর্মের মাধ্যমে ৩২টি সেবা দেওয়া হচ্ছে। ক্রমে আরও সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

নাগরিকদের জন্য সবচেয়ে দৃশ্যমান উন্নয়নের অন্যতম হলো অনলাইনে কাগজপত্র সত্যায়ন সেবা ই-অ্যাপোস্টিল। গত বছরের জুলাইয়ে বাংলাদেশ হেগ অ্যাপোস্টিল কনভেনশনে যোগ দেওয়ার পর ইন্টিগ্রেটেড অনলাইন অ্যাটেস্টেশন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এই সেবা উন্মুক্ত হয়, যা সম্প্রসারিত হয়ে ১৮ লাখের বেশি অনলাইন আবেদন প্রক্রিয়াকরণ করেছে। এতে সেবা গ্রহণে লাইনে দাঁড়ানো, কয়েকটি দপ্তরে বারবার যাওয়া ও দালাল-নির্ভরতা কমে যাওয়ার সঙ্গে আনুমানিক ৫০০ থেকে ৭০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হয়েছে বলে জানানো হয়।

স্থানীয় পর্যটন খাতে ডিজিটাল সেবার ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে লালবাগ কেল্লা ও জাতীয় উদ্ভিদ উদ্যানে মাইগভ ই-টিকিটিং চালু করা হয়েছে। এর পরে তিন লক্ষাধিক টিকিট ইস্যু হয়েছে, যার মাধ্যমে সরকারের কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। ক্রমে দেশের জনপ্রিয় সব পর্যটন কেন্দ্রে এ সেবা সচল করার উদ্যোগ প্রক্রিয়াধীন। সরকারি কিছু পরিষেবার ফি ও বিল ( যেমন– বিদ্যুৎ, পানি, গ্যাস, শিক্ষা ফি ও সিটি করপোরেশন সেবা) অনলাইনে সহজে পরিশোধের জন্য সমন্বিত বিল পরিশোধ প্ল্যাটফর্ম একপে-এর মাধ্যমে গেল বছরে ৯০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এতে ৩২২টি নতুন প্রতিষ্ঠানের ১৮টি নতুন সেবা যুক্ত হয়েছে।

সরকারি তথ্য ব্যবস্থাপনাকে জনবান্ধব করতে ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক ২.০ সচল রয়েছে। বর্তমানে জাতীয় তথ্য বাতায়ন প্ল্যাটফর্মে ৫২ হাজার সরকারি দপ্তরের ৩৬ হাজার ওয়েবসাইট মানোন্নত সংস্করণে রূপান্তর হয়েছে। বার্ষিক নাগরিক সম্পৃক্ততা ৩০০ কোটি ছাড়িয়েছে। জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে ২৬ লাখের বেশি কল গ্রহণ করে সরকারি সেবা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×