ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সম্ভাবনা

ইউটিউব থেকেও বেশি আয় হবে এক্সে

ইউটিউব থেকেও বেশি আয় হবে এক্সে
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ১২:০৬

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর দিলেন স্পেসএক্স ও টেসলাপ্রধান ইলন মাস্ক। তিনি জানালেন, কিছুদিনের মধ্যেই এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে ইউটিউব থেকেও বেশি আয় করা সম্ভব। নিজের এক্স বার্তায় গ্রাহকের প্রশ্নের সদুত্তরে তিনি এ কথা বলেছেন।

সঠিক নিয়ম ও স্বচ্ছ মনিটাইজেশন ব্যবস্থা কার্যকর করা গেলে ক্রিয়েটরদের জন্য আয় বাড়ানোর উল্লেখযোগ্য সুযোগ তৈরি হবে। এক্স প্ল্যাটফর্মের এই প্রকল্পের প্রধান নিকিতা বিয়েরকে এ বিষয়ে মাস্ক দিকনির্দেশনা দিয়েছেন। ইলন মাস্ক এক্সের বর্তমান মনিটাইজেশন ব্যবস্থার কয়েকটি সীমাবদ্ধতা চিহ্নিত করেছেন। জানানো হয়, কনটেন্ট ক্রিয়েটরদের যথার্থ পারিশ্রমিক দিতে পারছে না এক্স। ইউটিউবের পেমেন্ট সিস্টেম তুলনামূলক বেশি সুসংহত ও কার্যকর। এমন অভিজ্ঞতা থেকেই এক্সের রেভিনিউ শেয়ারিং মডেলে বিশেষ পরিবর্তনে পরিকল্পনার কথা বলেছেন।

ইলন মাস্ক সাফ ভাষায় বলেছেন, নতুন পেমেন্ট ব্যবস্থায় সিস্টেমের অপতৎপরতা বা ভুয়া এনগেজমেন্টকে ছাড় দেওয়া হবে না। যার অর্থ দাঁড়ায়, নির্দিষ্ট ভিউ, প্রকৃত দর্শক ও গুণগত কনটেন্টের ওপর ভিত্তি করেই আয় নির্ধারিত হবে। এসব শর্ত পূরণ হলে এক্সে ক্রিয়েটরদের আয় ইউটিউব থেকেও বেশি হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে।

ফলে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বহুমাত্রিক সুবিধার পূর্বাভাস পাওয়া গেছে। প্রথমত, ইউটিউব ছাড়াও এক্স হতে পারে আরেকটি শক্তিশালী বিকল্প আয়ের মাধ্যম। দ্বিতীয়ত, মাঝারি ও খুদে ক্রিয়েটররা দ্রুত আয় করার সুযোগ তৈরি করতে পারবেন। তৃতীয়ত, ছবি, টেক্সট ও ভিডিও– সব ধরনের কনটেন্ট থেকেই ক্রিয়েটররা আয় করতে পারবেন।

সব মিলিয়ে ইলন মাস্কের এসব ভবিষ্যৎ মন্তব্য ডিজিটাল কনটেন্ট তৈরির জগতে নতুন প্রতিযোগিতার আবহ তৈরি করছে। সময় বলে দেবে, এক্স প্ল্যাটফর্মে থেকে কবে এবং কীভাবে এই প্রতিশ্রুত আয়ের দরজা উন্মুক্ত হবে।

আরও পড়ুন

×