ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নতুন চমকের অপেক্ষা

নতুন চমকের অপেক্ষা
×

সাব্বিন হাসান 

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ১১:২৪

স্মার্ট ডিভাইস পুরোনো হলে স্টোরেজ নিয়ে সমস্যার সৃষ্টি সেখানেই। প্রতিদিন ডেটার চাপ সামলাতে কী রাখবেন আর কী ফেলে দেবেন, তা নিয়ে চলে রীতিমতো টানাপোড়েন। শত শত পছন্দের ছবি বা ভিডিও সংরক্ষণের চাপ নিতে হয় স্টোরেজকে। ঠিক এ সময়েই জরুরি বিষয়ে খেয়াল থাকে না। তা হলো স্মার্ট  ডিভাইসের অপারেটিং সফটওয়্যার আপডেট করা। ডিভাইস ক্ষতির এটি অন্যতম বড় কারণ। নিরাপত্তাও এতে ঝুঁকিতে পড়ে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন গ্রাহকরা যেন দ্রুত সর্বশেষ সিকিউরিটি ইনস্টল করেন, সে বিষয়ে কর্তৃপক্ষ আরেকবার বিশেষ তাগিদ দিয়েছে।

চলতি বছরে একেবারে শুরুতেই সফটওয়্যার আপডেটে ক্রম ধারাবাহিকতার জানান দিয়েছে গুগল। নতুন এই আপডেট অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণ পরিচালিত পিক্সেল স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য বিশেষভাবে আনা হয়েছে। ক্রমে বেশ কিছু সুনির্দিষ্ট ডিভাইসে এই আপডেটের সুবিধা নিতে পারবেন অ্যান্ড্রয়েড ভক্তরা।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ধরনের ডিভাইসে এই আপডেট পৌঁছে যাবে বলে ডেভেলপমেন্ট বিভাগ সূত্রে জানা গেছে। এই আপডেট বরাদ্দ হলে গ্রাহকরা নোটিফিকেশনের মাধ্যমে অবহিত হবেন। অপেক্ষার পরও অনেকে যদি এই আপডেট না পেয়ে থাকেন, তখন গুগল সেটিংস অপশনে গিয়ে ম্যানুয়ালি আপডেট চেক করার কথা বলা হয়েছে।

চলতি মাসেই এই আপডেট পিক্সেলের কয়েকটি ডিভাইসে পাওয়া যাবে। তালিকায় রয়েছে পিক্সেল সেভেনএ, পিক্সেল এইট এবং পিক্সেল নাইন সিরিজ, পিক্সেল ফোল্ড, পিক্সেল ট্যাবলেট ও নতুন পিক্সেল ১০ সিরিজ। এই আপডেটের মূল লক্ষ্য নতুন ফিচারের বদলে বাগ ফিক্স ও সিস্টেমের স্থিতিশীলতা বাড়ানো। গত কয়েক মাসে অ্যান্ড্রয়েড গ্রাহকরা নির্ভরতার প্রশ্নে যেসব সমস্যার কথা বলেছেন, সেসবের অনেকটাই নতুন এই আপডেটে সমাধান করা হয়েছে।

অডিও সমস্যায় বিশেষ পরিবর্তন আনা হয়েছে। নির্দিষ্ট পরিস্থিতিতে ওয়েবেক্স কলে রিংব্যাক টোনে যে নয়েজ শোনা যাচ্ছিল, সে সমস্যার সমাধান করা হয়েছে। এই সমাধান কয়েকটি পিক্সেল ফোন ও ট্যাবলেটে প্রযোজ্য হবে।

ঠিক করা হয়েছে চার্জিং ও ব্যাটারিজনিত সমস্যা। অনেক ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে অধিক হারে ব্যাটারি সক্ষমতা হারাচ্ছিল। এবার সেই আপডেটে উল্লিখিত দুটি সমস্যার সমাধান করা হয়েছে। নতুন ট্যাবলেট ও ফোল্ডেবল ফোনে বেশির ভাগ পিক্সেল ডিভাইসেই এই সমাধান পাওয়া যাবে।

ডিসপ্লের কয়েকটি বাগ শনাক্ত করে তার সমাধান ঠিক করা হয়েছে। অলওয়েজ-অন ডিসপ্লের ফ্লিকারিং, অ্যাডোবি লাইটরুমে এইচডিআর ছবি সম্পাদনা করার সময় ভিজ্যুয়াল নয়েজ ও কিছু ক্ষেত্রে স্ক্রিনে ঝলকানি লাইন দৃশ্যমান হওয়ার সমস্যা দূর করা হয়েছে। পিক্সেল ১০ সিরিজের জন্য জিপিইউ পারফরম্যান্স আগের তুলনায় মানোন্নত করা হয়েছে।

এর আগে পিক্সেল ১০ ডিভাইসে টাচস্ক্রিন হঠাৎ কাজ না করার যে সমস্যা দেখা যাচ্ছিল, তাও ঠিক করা হয়েছে। অন্যদিকে, লাইভ ইউনিভার্স ওয়ালপেপার ডিলিট করার পর ওয়ালপেপার অ্যান্ড স্টাইল অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার যে বাগ ছিল, তার সমাধান করা হয়েছে। আগে এই সমস্যায় ফোন রিস্টার্ট করতে হতো। নতুন আপডেটের সঙ্গে সর্বশেষ সিকিউরিটি প্যাচ যুক্ত করা হয়েছে। পিক্সেল সিকিউরিটি বুলেটিনে এ বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করেছে গুগল। ফলে নতুন বছরে চিহ্নিত সমস্যার সমাধান ও ডিভাইস সুরক্ষার নিজেদের অবস্থান সুস্পষ্ট করল অ্যান্ড্রয়েড।

নতুনত্ব আসবে

চলতি মাসে যে সিকিউরিটি প্যাচ লেভেল এসেছে, সেটি যেন দ্রুত আপডেট করা হয়। জানা গেছে, গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ত্রুটি ধরা পড়েছে। এর কারণে নির্দিষ্ট কোনো ডিভাইস লক্ষ্য করে আক্রমণ পরিচালনা করা যাবে। এমনটি হলে প্রথম ধাপে ওই ডিভাইসের মেমোরি বিকল হতে পারে; হতে পারে সিস্টেম ক্র্যাশ। যদি কোনোভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে এই নিয়ন্ত্রণ আনা যায়, এতে তথ্য বেহাত হয়ে তা ছড়িয়ে পড়ার মতো ঘটনা দৃশ্যমান হবে। ইতোমধ্যে ডলবি ডিজিটাল প্লাস ইউনিফায়েড ডিকোডারে সমস্যা দৃশ্যমান হয়েছে। এই টুল অ্যান্ড্রয়েড স্মার্টফোনে মিডিয়া প্রসেসে সহায়ক হয়। সমস্যার কথা স্বীকার করে ডলবি বলেছে, যতটা বিপদের আশঙ্কা করা হচ্ছে, ততটা সমস্যা হওয়ার কথা নয়। বড়জোর মিডিয়া প্লেয়ার ক্র্যাশ করতে পারে বা বারংবার স্বনিয়ন্ত্রিত রিস্টার্ট হতে পারে; কিন্তু পুরো সিস্টেমে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়। ঠিক এ কারণেই গুগল কর্তৃপক্ষ এই সমস্যার কথা তুলে সিকিউরিটি আপডেটের তাগিদ দেয়। বলা হয়, গত ডিসেম্বরের শেষ ভাগে প্রথম এই সমস্যা নজরে আসে। তড়িঘড়ি করে তখনই এই সমস্যা সামাল দিতে নতুন সিকিউরিটি প্যাচ তৈরি করে অ্যান্ড্রয়েড সিস্টেম। অর্থাৎ এখন সুনির্দিষ্ট ব্যক্তির ডিভাইস, কোনো সংস্থার অ্যান্ড্রয়েড ফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইসে তখনই লক্ষ্যবস্তু হবে, যখন এতে সর্বশেষ আপডেটের ব্যত্যয় হবে।

আরও পড়ুন

×