ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তারকার আয়ের প্রধান উৎস ইউটিউব ও ইনস্টাগ্রাম

সামাজিক মাধ্যম

তারকার আয়ের প্রধান উৎস ইউটিউব ও ইনস্টাগ্রাম
×

ইউটিউব ও ইনস্টাগ্রামে আয় এখন তারকার আয়ের অন্যতম উৎস

সাদি সাবেরিন

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬ | ১০:২২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ | ২১:১২

সামাজিক মাধ্যমে ক্রমবর্ধমান জনপ্রিয়তা বিনোদন জগতের পুরো চেহারাই যেন বদলে দিয়েছে। দর্শক আগে শুধু সিনেমা হল বা টিভির পর্দায় বিনোদনের খোরাক পেয়েছেন। কিন্তু ইউটিউব ও ইনস্টাগ্রাম– এ দুটি মাধ্যম এখন বিনোদনের অন্যতম প্রধান উৎস।

দিনবদলের এমন প্রবণতার সুযোগ কাজে লাগিয়ে অনেক বলিউড তারকা এসব মাধ্যমে নিজস্ব আয়ের অন্যতম উৎসে রূপান্তর করেছেন। সিনেমা ও টিভির সঙ্গে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও তারা সপ্তাহান্তে আয় করছেন কোটি কোটি টাকা।

  • শিল্পা শেঠি

সামাজিক মাধ্যমে আয় করা অভিনেত্রীর মধ্যে শিল্পা শেঠি রয়েছেন প্রথম সারিতে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা তিন কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্যকর জীবনধারা, যোগব্যায়াম ও পারিবারিক ভ্লগের জন্য তিনি বেশ দর্শকপ্রিয়। জানা গেছে, এই মাধ্যমে তাঁর বার্ষিক আয় দুই থেকে তিন মিলিয়ন ডলার, যার মূল্যমান  ১৬ থেকে ২৫ কোটি রুপি। ইউটিউব ও ইনস্টাগ্রামে ব্র্যান্ড প্রমোশন থেকেই প্রতি পোস্টে তিনি কয়েক লাখ রুপি আয় করেন।

  • ভারতী সিং

হাস্যরস দুনিয়ার জনপ্রিয় মুখ ভারতী সিং রয়েছেন এ তালিকার একেবারে প্রথম সারিতে। মাত্র কয়েক বছর আগে ইউটিউব চ্যানেল চালু করার পর ক্রমে এটিই তাঁর আয়ের অন্যতম মাধ্যম হয়েছে। ইউটিউব থেকেই তাঁর মোট আয়ের ৪০ শতাংশ আসে। এ ছাড়া ইনস্টাগ্রামে তাঁর ৯০ লাখের বেশি ফলোয়ার রয়েছে। ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে তিনি মাসপ্রতি আয় করেন দুই কোটি রুপি। নিয়মিত ভ্লগ ও মজার ভিডিওর মাধ্যমে তিনি প্রতি সপ্তাহেই বিপুল অঙ্কের অর্থ রোজগার করছেন। তাঁর সহজ-সরল স্বভাব ও রসবোধ ডিজিটাল দুনিয়ায় তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

  • শহীদ কাপুর

এ তালিকায় রয়েছেন অভিনেতা শহীদ কাপুরও। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা চার কোটি ছাড়িয়েছে। ফিটনেস, ফ্যাশন ও পারিবারিক ছবি পোস্ট করে তিনি ব্যাপক জনপ্রিয় হয়েছেন। প্রতিটি স্পন্সরড পোস্টের জন্য শহীদ ২০ থেকে ৪০ লাখ রুপি নেন। কিন্তু ইউটিউবে তাঁর খুব বেশি সরব উপস্থিতি নেই। এই অভিনেতার ডিজিটাল আয়ের মূল ভরসা ইনস্টাগ্রাম। দৃষ্টিনন্দন স্টাইলের কারণে সামাজিক মাধ্যমে তিনি বহুল আলোচিত তারকার খ্যাতি পেয়েছেন।

  • ফারাহ খান

পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান সামাজিক মাধ্যমে বেশ সফল। ২০২৪ সালে ইউটিউবে যাত্রা শুরু করে খুব অল্প সময়েই তাঁর চ্যানেল দর্শকপ্রিয় হয়। বিশেষ করে শেফ দিলীপের সঙ্গে করা রান্নার ভ্লগ দর্শকদের মধ্যে সাড়া ফেলে। লাখ লাখ সাবস্ক্রাইবারের এই চ্যানেল থেকে ফারাহ এখন এমন আয় করছেন, যা তাঁর কথায় ফিল্মি জগতের আয়ের থেকে বেশি। ইনস্টাগ্রামে তিনি সমান সরব। কয়েকটি নামিদামি ব্র্যান্ড চুক্তি থেকে বড় অঙ্কের অর্থ উপার্জন করছে।

  • আলিয়া ভাট

বলিউডের অন্যতম অভিনেত্রী আলিয়া ভাট সামাজিক মাধ্যমে দারুণ প্রভাবশালী। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা আট কোটি ছাড়িয়েছে। প্রতিটি পৃষ্ঠপোষক (স্পন্সরড) পোস্টের জন্য ৮৫ লাখ থেকে এক কোটি রুপি পারিশ্রমিক নেন। যদিও তিনি ইউটিউবে কনটেন্ট শেয়ার করেন, তবে ইনস্টাগ্রামই তাঁর আয়ের অন্যতম উৎস। নামিদামি ব্র্যান্ড যেমন ল’ওরিয়াল ও মেকমাইট্রিপের সঙ্গে নিয়মিত কাজ করে তিনি প্রতি সপ্তাহে বড় অঙ্কের অর্থ উপার্জন করেন।

আরও পড়ুন

×