স্মার্টফোন নিয়ে গবেষণার কথা বললেন ইলন
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৪১
অ্যাপল আর গুগল যদি মোড়লের মতো কাজ করে, অর্থাৎ কিছু অ্যাপ নিষিদ্ধ করে, তাহলে টেসলা স্মার্টফোন তৈরিতে মনোযোগী আর বিনিয়োগ করবে। কয়েক দফায় এসব কথা আগেই বলেছিলেন টেসলাপ্রধান ইলন মাস্ক। স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেটকে বিকশিত করতে এবার কি তবে স্মার্টফোন তৈরি করছে ইলন মাস্কের সংস্থা– এমন প্রশ্নে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই কথা ভাইরাল হয়েছে।
খবর ছড়িয়েছে, স্টারলিংক নাকি এবার স্মার্টফোন তৈরি করছে। শুধু তাই নয়, এটি দ্রুতই আত্মপ্রকাশ করবে। এমন জল্পনা-কল্পনার ইতি টানলেন ইলন নিজেই।
নিজের এক্স (সাবেক টুইটার) বার্তায় এসব গুজবের জবাব দিয়েছেন তিনি। বলেছেন, আপাতত স্টারলিংক কোনো স্মার্টফোন তৈরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
কিছুদিন আগে এক্স বার্তায় একজন দাবি করেন, স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের বিকাশে স্মার্টফোন তৈরি করতে পারে। উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালে ইলন স্মার্টফোন তৈরি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। অনেক দিন পর আবার এমন পোস্টে সারাবিশ্বে হইচই পড়ে যায়।
তবে এমন ভাবনার পেছনের প্রেক্ষাপট ছিল– যদি অ্যাপল ও গুগল সুনির্দিষ্ট কিছু নির্বাচিত অ্যাপের বিষয়ে অতিমাত্রায় বিধিনিষেধ আরোপ করে, তখন স্টারলিংক স্মার্টফোন তৈরির বিষয়ে ভাববে।
সারাবিশ্বের কয়েকটি দেশে স্টারলিংক স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা নিয়ে কাজ করছে। বিশ্বজুড়ে কয়েক লাখ গ্রাহক এই ইন্টারনেট পরিষেবা উপভোগ করেন। এটি স্পেসএক্সের আয়ের অন্যতম প্রধান উৎস। সংস্থার সামগ্রিক আয়ের একটি বড় অংশ আসে এই খাত থেকে।
কয়েক বছর ধরে হোম ইন্টারনেট ছাড়াও বিমান সংস্থা, জাহাজ এমনকি কয়েকটি দেশের সরকারি দপ্তরের জন্য ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করছে স্টারলিংক।
জানা গেছে, সরাসরি কোনো ফোন উদ্ভাবন না করলেও স্পেসএক্স বর্তমানে নির্ধারিত কয়েকটি স্মার্ট ডিভাইসে সরাসরি স্যাটেলাইট সংযোগ তৈরির কৌশল নিয়ে কাজ করছে।
টি-মোবাইলের মতো টেলিকম সংস্থার সঙ্গেও অংশীজন হয়ে কাজ করছে, যেন এসব ডিভাইসে সরাসরি স্যাটেলাইট সংযোগ স্থাপন করা সম্ভব হয়। আপাতত স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্ক মানোন্নত করা ছাড়াও কাভারেজ সম্প্রসারণের ওপরই বেশি কাজ করা হচ্ছে।
- বিষয় :
- অ্যাপল
- স্মার্টফোন
