ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিশুর জন্য সুরক্ষিত করা হলো হোয়াটসঅ্যাপ

শিশুর জন্য সুরক্ষিত করা হলো হোয়াটসঅ্যাপ
×

সাদি সাবেরিন

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১৩:৪১

সারাবিশ্বে টিনএজারদের মধ্যে সোশ্যাল মিডিয়ার প্রতি আগ্রহ বেড়েছে। কলাম্বিয়া ইউনিভার্সিটির আরভিন মেডিকেল সেন্টারের গবেষণায় বলা হয়, প্রি-টিনএজদের মধ্যে ৪০ শতাংশ সোশ্য়াল মিডিয়ার প্রতি আগ্রহী।

এই প্ল্যাটফর্মে করা পোস্ট, ছবি বা অজানা ব্যক্তির সঙ্গে চ্যাট অনেক ক্ষেত্রে কিশোর-কিশোরীকে সাইবার অপরাধের শিকার করে। শিশু পাচার ও চাইল্ড পর্নোগ্রাফির মতো অপরাধের পেছনে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয়।

কিছুদিন আগে মেক্সিকোর আদালত মেটা কর্তৃপক্ষকে ৩৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছেন। যার পেছনে প্রধান অভিযোগ ছিল মেটার ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মতো সামাজিক প্ল্যাটফর্মে শিশু-কিশোরদের আগ্রহ বাড়িয়েছে। কিশোর-কিশোরীদের এবার অনলাইন সুরক্ষা দিতে মেটা ঘোষণা করেছে নতুন আপডেট। শর্ত বলছে, ১৩ বছরের কম বয়সীর জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারের নীতিগত অনুমতি দিয়েছে মেটা, অর্থাৎ তারা চাইলে নিজেদের অ্যাকাউন্ট তৈরি করতে পারবে।

কিন্তু এতে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। মেটার কিডস সংস্করণের হোয়াটসঅ্যাপ শুধু অভিভাবকদের নিয়ন্ত্রণেই চালানো যাবে। বিশেষ প্যারেন্টাল কন্ট্রোল থাকবে এতে। তা ছাড়া মূল হোয়াটসঅ্যাপে থাকা অনেক ফিচার এই শিশু সংস্করণে ব্যবহার করা যাবে না।

অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে সবকটি জরুরি পদক্ষেপে প্রয়োজন হবে অভিভাবকের অনুমতি। অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ, কোনো অজানা গ্রুপে যুক্ত হওয়া, স্ট্যাটাস আপডেট এবং কিছু মিডিয়া শেয়ারিং অপশন এতে পাওয়া যাবে না। অন্যদিকে হুট করে অপ্রীতিকর কনটেন্ট এলে তার জন্য থাকছে বিশেষ ফিল্টার সুবিধা। অভিভাবকরা বিশেষ ড্যাশবোর্ডের মাধ্যমে তাদের সন্তানের হোয়াটসঅ্যাপের সব ধরনের বার্তা আলাপে নজরদারি করার সুবিধা পাবেন।

সংস্থাটি জানিয়েছে, বিশ্বের অনেক দেশে শিশুর জন্য সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ। তা ছাড়া অভিভাবকরাও এসব প্ল্যাটফর্মের অপতৎপরতা নিয়ে দুশ্চিন্তায় থাকেন।

ডিজিটাল অপরাধ ও সাইবার বুলিং থেকে শিশু-কিশোরদের সুরক্ষা নিশ্চিত করতে মেটার এমন কিডস সংস্করণ তৈরির নেপথ্যে কাজ করেছে।

আরও পড়ুন

×