ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাতীয় তথ্য বাতায়নে ৩৫ হাজার সাইট

জাতীয় তথ্য বাতায়নে ৩৫ হাজার সাইট
×

মুস্তাফা তৌহিদ

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ১২:৩২

সরকারি তথ্য ব্যবস্থাপনাকে আধুনিক, গতিশীল ও নিরাপদ করতে জাতীয় তথ্য বাতায়ন বাংলাদেশ ডটগভ ডটবিডির দ্বিতীয় সংস্করণ বা ফ্রেমওয়ার্ক ২.০ চালু করেছে এসপায়ার টু ইনোভেট (এটুআই)।

নতুন সংস্করণ

২০২৫ সালের ২১ ডিসেম্বর থেকে ক্রমে সব মন্ত্রণালয়ে এ সংস্করণ বাস্তবায়ন শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়িত এ উদ্যোগে বর্তমানে দেশের ৫২ হাজার সরকারি দপ্তর যুক্ত রয়েছে। এর মধ্যে ৩৫ হাজার ৫০০টির বেশি ওয়েবসাইট ইতোমধ্যে নতুন সংস্করণে প্রকাশ করা হয়েছে। ক্রমে সব অধিদপ্তর, বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি ওয়েবসাইট এর আওতায় নিয়ে আসার কাজ চলছে।

এটুআই প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুর রফিক বলেন, জাতীয় তথ্য বাতায়নের নতুন সংস্করণটির কার্যকারিতা পরীক্ষা, দুর্বলতা মূল্যায়ন ও অনুপ্রবেশ পরীক্ষার মাধ্যমে যাচাই করেছে সফটওয়্যার ও হার্ডওয়্যার কোয়ালিটি টেস্টিং ও সার্টিফিকেশন সেন্টার। প্রতিষ্ঠানটি এ প্ল্যাটফর্মকে আনুষ্ঠানিক সনদ দিয়েছে। 

ডিজিটাল পরিষেবা

জাতীয় তথ্য বাতায়নের এ নতুন সংস্করণ দেশের ডিজিটাল পরিষেবা ব্যবস্থাকে সমৃদ্ধ করবে। অন্যদিকে জবাবদিহি, স্বচ্ছতা ও নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকারকে করবে সুসংহত। এটুআই প্রকল্পের সিনিয়র কনসালট্যান্ট (উপসচিব) ফজলুল জাহিদ পাভেল বলেন, আগে কোনো নাগরিককে একটি পরিষেবা সম্পর্কে জানতে সরাসরি সংশ্লিষ্ট কার্যালয়ে যেতে হতো। সময় ও খরচ– দুটোই বাড়ত এতে। এখন জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে ঘরে বসেই সংশ্লিষ্ট অফিসের ঠিকানা, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া ও নির্দেশনা জানা যাচ্ছে। এ ছাড়া টেন্ডার, চাকরির বিজ্ঞপ্তি, সিটিজেন চার্টার ও অর্থ বরাদ্দ-সংক্রান্ত তথ্যও পাওয়া যাচ্ছে।

বছরে ৩০০ কোটির বেশি ডিজিটাল ইন্টারঅ্যাকশন হচ্ছে এই প্ল্যাটফর্মে, যা সরকারি তথ্য ও পরিষেবা গ্রহণে নাগরিকদের অনলাইন অভ্যস্ততার কথা বলছে। এই প্ল্যাটফর্ম শুধু তথ্য প্রদানের মাধ্যম নয়; তথ্য অধিকার আইন বাস্তবায়নেও কার্যকর ভূমিকা রাখছে। এতে মানুষের ভোগান্তি কমার সঙ্গে সরকারের আলাদা ওয়েবসাইট তৈরি ও রক্ষণাবেক্ষণের ব্যয় অনেকাংশে কমছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তিগত দিক থেকে নতুন সংস্করণে যুক্ত হয়েছে ক্লাউড ও মাইক্রো সার্ভিস কাঠামো।

এতে প্ল্যাটফর্মটি দ্রুত, স্থিতিশীল ও সম্প্রসারণযোগ্য হয়েছে। রিয়েল টাইম হালনাগাদ, দ্রুত সার্চ ও কনটেন্ট ক্যাশিং সুবিধাও রয়েছে। নিরাপত্তা ব্যবস্থাতেও আনা হয়েছে পরিবর্তন।

এ ছাড়াও সিঙ্গেল সাইন-অন, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ও এসএসএল এনক্রিপশন ছাড়া বহু পদক্ষেপ নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করেছে। সার্ভারের আপটাইম ৯৯ শতাংশে উন্নীত হওয়ায় সেবা পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

×