সংকটে টেলিযোগাযোগ ব্যাহত হওয়ার শঙ্কা
৮১ শতাংশ নেটওয়ার্ক সংকটে
টেকলাইফ প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১০:২৪
নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিতে ও জাতীয় পর্যায়ে বড় ধরনের টেলিযোগাযোগ বিপর্যয় এড়াতে দ্রুত পদক্ষেপ না নিলে দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ টাওয়ারকো অ্যাসোসিয়েশন (বিটিএ)। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বিষয়টি উপস্থাপন করে বিটিএ।
নির্বিঘ্ন টেলিযোগাযোগ পরিষেবা দিতে সংগঠনটি বিশেষ জ্বালানি বরাদ্দে গুরুত্ব দিয়ে বর্তমান অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। দেশের ডিজিটাল অর্থনীতির মূল চালিকাশক্তি হলো টেলিযোগাযোগ অবকাঠামো, যার কেন্দ্রে রয়েছে টেলিকম টাওয়ার।
সারাদেশে ৪৫ হাজারের বেশি টেলিকম টাওয়ার রয়েছে, যা বিদ্যুৎ গ্রিড ও জ্বালানিকেন্দ্রিক ব্যাকআপ ব্যবস্থার (জেনারেটর) ওপর নির্ভর করে সচল থাকে। ফলে দৃশ্যমান জ্বালানি সংকট এখন সরাসরি প্রভাব ফেলছে এ খাতে। জ্বালানি ঘাটতির কারণে নিরবচ্ছিন্ন সেবা ব্যাহত হয়ে সংযোগে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এতে ভোগান্তিতে পড়তে পারেন কোটি গ্রাহক।
বিটিএর অন্তর্বর্তী সভাপতি ও ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের টেলিযোগাযোগ সেবা এখন সংকটের মধ্যে রয়েছে। নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিতে এ খাত যে কোনো মূল্যে সচল রাখা প্রয়োজন। তাই এমন জনগুরুত্বপূর্ণ অবকাঠামোকে জরুরি সেবার আওতায় এনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
জানা গেছে, ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যাংক, আইটি ছাড়াও সেবা প্রতিষ্ঠান ডিজিটাল সংযোগের ওপর নির্ভর করে। সংযোগ বিচ্ছিন্ন হলে ক্ষতির সম্মুখীন হবে প্রতিটি সেক্টর। তাই ঝুঁকি এড়াতে করণীয় ও চলমান সংকটের বাস্তবিক সমাধান নিশ্চিত করা প্রয়োজন। সে কারণেই অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি বরাদ্দের সঙ্গে নীতিগত সহায়তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বিটিএ।
ডিজিটাল অর্থনীতির প্রধান চালিকাশক্তি টেলিযোগাযোগ উল্লেখ করে জানানো হয়, সংযোগে বিঘ্ন ঘটলে এর প্রভাব আর্থিক লেনদেন, রপ্তানি সমন্বয় থেকে শুরু করে জরুরি যোগাযোগ ও জনসেবা ছাড়া সব জরুরি খাতের ওপরই পড়বে। সময়মতো পদক্ষেপ না নিলে দেশ ভয়াবহ আর্থিক ক্ষতিতে পড়তে পারে। তাই এ দুর্যোগ এড়াতে নীতি-সহায়তা ও যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সরকারকে তাগাদা দেওয়া হয়েছে।
- বিষয় :
- টেলিযোগাযোগ খাত
