চ্যাটবটে দুর্ভেদ্য লকডাউন
সাইবার আক্রমণের ঝুঁকি অনেকাংশে কমাবে চ্যাটজিপিটির নতুন ধারার পরিষেবা লকডাউন
সাব্বিন হাসান
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৩:৩৪ | আপডেট: ১৫ জুন ২০২৬ | ২০:৪৭
নিজের চ্যাটবটে নিরাপত্তাকে দুর্ভেদ্য করতে ওপেনএআই ঘোষণা করেছে নতুন পরিষেবা। নাম লকডাউন মোড। সাইবার আক্রমণের ঝুঁকি অনেকাংশে কমাবে চ্যাটজিপিটির নতুন ধারার এই পরিষেবা। কীভাবে কাজ করবে এটি– এমন প্রশ্ন আসা তো স্বাভাবিক। তাই সদুত্তর খুঁজতে কিছু তথ্য সামনে এলো। লিখেছেন সাব্বিন হাসান
ডিজিটাল যুগে এআই চ্যাটবট ব্যবহারের জনপ্রিয়তা বেড়েই চলেছে। উল্টো দিকে ক্রমে পাল্লা দিয়ে বাড়ছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। ঠিক এ কারণেই ওপেনএআইর চ্যাটজিপিটি নতুন পরিষেবার কথা ভেবেছে। এটি হলোনতুন মোড। নাম লকডাউন।
কেন এমন ফিচার
বর্তমানে চ্যাটজিপিটি বা অন্যসব এআই চ্যাটবট থেকে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ঘটনা যেন হরহামেশাই ঘটছে। অপচক্রের পাতানো ছকে পড়লেই যে কারও চ্যাটবট থেকে গোপন তথ্য, চ্যাট হিস্ট্রি– সবকিছু চুরি করতে পারে সাইবার চক্র। আর এটি নিয়ন্ত্রণে বা নিরাপত্তাকে জোরালো করতে চ্যাটজিপিটি এই লকডাউন মোড তৈরির উদ্যোগ নেয়। অনেকে এই মোডে তাদের জরুরি তথ্যের সুরক্ষা দিতে পারবেন।
কাজ করবে যেভাবে
অপচক্র সাধারণত কোনো সুনির্দিষ্ট ওয়েবসাইট, নথি বা ফাইলের মধ্যে এমন কোনো ডেটা ইনপুট বা লিঙ্ক শেয়ার করে, যা এআই ঠিকমতো শনাক্ত করতে পারে না। এর ফলে এআই সেই লিঙ্ক বা ইনপুটে প্রয়োজনীয় তথ্য শেয়ার করে।
আর ঠিক এই পদ্ধতিতে টার্গেট করা ব্যক্তির সব তথ্য চলে যায় অন্য কারও দখলে। সে ক্ষেত্রে এই লকডাউন মোড এআই চ্যাটবটে আলাপ করা কোনো জরুরি ব্যক্তিগত তথ্য, কোনো ফেস লিঙ্ক বা অজ্ঞাত সাইটে শেয়ার করবে না।
যা পাওয়া যাবে না
কিন্তু এই মোড চালু করলে চ্যাটজিপিটির কয়েকটি অনলাইন পরিষেবা পাওয়া যাবে না। যেমন– ডিপ রিসার্চ ফিচার বন্ধ হয়ে যাবে। আবার এজেন্ট মোড ঠিকঠাক ব্যবহারযোগ্য হবে না।
চ্যাটজিপিটি কোনো ফাইল ডাউনলোড করে ডেটা বিশ্লেষণ করতে পারবে না। আর্থিক বা শপিং এজেন্টের সঙ্গে কোনো লেনদেনের ক্ষেত্রে অনেক পরিষেবা বন্ধ হয়ে যাবে। চ্যাট শেয়ারিং, মেমোরি, ছবি তৈরি বা এআই মডেল বানানো– এসব সেটিংসে এর কোনো প্রভাব পড়বে না।
সুবিধা যারা পাবেন
নতুন ফিচারটি চ্যাটজিপিটির ফ্রি, গো প্লাস, প্রো, বিজনেস ও এন্টারপ্রাইজ– এসব ধরনের গ্রাহক এটি ব্যবহার করতে পারবেন।
ফিচার সক্রিয় হবে যেভাবে
নতুন এই মোড চালু করতে চ্যাটজিপিটির সেটিংস অপশনে গিয়ে প্রথমে সিকিউরিটি, তারপর অ্যাডভান্সড সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে। এর পরই সক্রিয় হয়ে যাবে লকডাউন মোড। কিন্তু লকডাউন মোড আর ডেভেলপার মোড দুটি একসঙ্গে ব্যবহার করা যাবে না। একটি সক্রিয় হলে অন্যটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
চ্যাট মেমোরি
অনেক সময়ই এমন তথ্য বা ফাইল থাকে, যা কাজের ক্ষেত্রে কয়েকবার ব্যবহার করতে হয়। এবার এ সমস্যার সমাধান আনছে ওপেনআই। কারণ, অতীব জরুরি ডেটা চ্যাটজিপিটি এখন থেকে নিজের মেমোরিতে সংরক্ষণ করবে।
নতুন মেমোরি সিস্টেমে এই আপগ্রেড আনা হয়েছে। ফলে এখন ভালোভাবে পছন্দ-অপছন্দ, জরুরি ডেটা, বারবার সার্চ করা হচ্ছে এমন ডেটা সহজেই সংরক্ষিত হবে মেমোরিতে।
নতুন এই আপগ্রেডের ফলে যে কারও পছন্দ, পুরোনো কথোপকথনও মেমোরিতে থাকবে। এর ফলে একই তথ্য মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আর থাকবে না। আলোচিত এই ফিচার নতুন না। ২০২৪ সালে প্রথমবার চ্যাটজিপিটিতে মেমোরি ফিচার সক্রিয় করা হয়েছিল।
ড্রিমিং বলতে কী বোঝায়?
২০২৫ সালে এর মানোন্নয়নে আরেক দফা কাজ করা হয়। তখন চ্যাটজিপিটি পুরোনো চ্যাট হিস্ট্রি থেকে জরুরি তথ্য নিজে থেকেই বুঝে মেমোরিতে সংরক্ষণ করত। এই প্রক্রিয়াকে বলা হয় ড্রিমিং।
নতুন মেমোরি আপডেটে তিনটি বিষয় যোগ করা হয়েছে। জরুরি কোনো তথ্য দীর্ঘদিন মনে রাখা। গ্রাহকের প্রয়োজন, পছন্দ বুঝে তথ্য দেওয়া ও সময়ের সঙ্গে সেই তথ্যকে মেমোরিতে পুরোপুরি সংরক্ষণ করা। অনেকে সব সময় সংক্ষিপ্ত উত্তর পছন্দ করেন বা কোনো নির্দিষ্ট কাজ নিয়ে দীর্ঘদিন চ্যাটজিপিটিতে খোঁজ করছেন। তখন এই ফিচার সেই তথ্য মনে রেখে ভবিষ্যতে যথার্থ সদুত্তর দেবে।
ওপেনএআই নতুন মেমোরি সামারি পেজ সক্রিয় করেছে। এই পেজে যে কেউ চ্যাটজিপিটিতে তাদের সম্পর্কে কী তথ্য মনে রেখেছে, তা দেখতে পারবেন। ভুল তথ্য থাকলে তা সংশোধন করা যাবে। জরুরি নয় এমন তথ্য মুছে ফেলতে পারবেন। আবার নতুন তথ্য জুড়ে দেওয়া যাবে। ফলে যে কেউ তাদের মেমোরি সেটিংসের ওপর নিয়ন্ত্রণ নিতে পারবেন। প্রথম ধাপে নতুন মেমোরি সিস্টেম যুক্তরাষ্ট্রের চ্যাটজিপিটি প্লাস এবং প্রো গ্রাহকের জন্য সক্রিয় করা হয়েছে। ক্রমে এই সুবিধা উন্মুক্ত করা হবে।
- বিষয় :
- চ্যাটবট
- চ্যাটজিপিটি
- ওপেনএআই
