নতুন সংস্করণে আসছে অ্যাপল সিরি
সাদি সাবেরিন
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১১:১১
ডিজিটাল উত্তেজনার পারদ ক্রমে ছড়িয়ে পড়ছে। যার পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট। নির্মাতারাও কেউ ছাড় দিতে চাইছে না কাউকে। এ দৌড়ে অ্যাপল অংশ নিয়েছে অনেক আগেই। এবার তার নতুন সংস্করণ সাড়া ফেলেছে অ্যাপল ভক্তকুলে।
অ্যাপলের সিরি এআই আর এখন শুধু ভয়েস অ্যাসিস্ট্যান্ট নয়; বরং হয়ে উঠবে যে কারও সার্বক্ষণিক ডিজিটাল বন্ধু। এ অর্থে দুর্দান্ত ফিচারের নির্দশন চোখে পড়বে অ্যাপল সিরি এআইর নতুন সংস্করণে। দীর্ঘ অপেক্ষার পর চাহিদা পূরণে অবশেষে অ্যাপল সিরির নতুন আপগ্রেড সংস্করণের ঘোষণা দেওয়া হলো।
সংস্থাটি বলছে, নতুন সিরি এআই তৈরি হয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স প্রকৌশলীর ওপর নির্ভর করে। এটি আগের তুলনায় বেশ দ্রুতগতি ও স্মার্ট পদ্ধতিতে কাজ করবে।
নতুন সংস্করণে যা থাকছে
সিরি এআই এখন থেকে আর শুধু প্রশ্নের উত্তরই দেবে না, বরং সবার ব্যক্তিগত ডেটা ও তার অভ্যাস বুঝে কয়েক ধরনের কাজ করতে পারবে। ভাবছেন, কাউকে ইমেইল বা মেসেজ পাঠানোর কথা। সে ক্ষেত্রে মাত্র এক কমান্ডেই সিরি এআই সেই ইমেইল তাৎক্ষণিক তৈরি করে দেবে।
আবার শুধু লেখালেখির কাজ নয়; ছবি, মেসেজ, নোট ও অন্যসব অ্যাপের তথ্য নিজে বিশ্লেষণ করে ঠিকঠাক কাজ করে দেবে। এমনকি ছবি সম্পাদনা (এডিট) করা, শেয়ার করা– এসব কাজ এক কমান্ডেই করে দেবে অ্যাপলের তৈরি বুদ্ধিমত্তা।
স্ক্রিনে কী দেখানো হচ্ছে বা স্ক্রিনে থাকা কোনো ছবি, ডকুমেন্ট বা লেখার বিষয়ে প্রশ্ন করলে ঝটপট সদুত্তর দেবে এটি।
অ্যাপল কর্তৃপক্ষ বলছে, সিরি এখন আগের তুলনায় অনেক বেশি ভাষা বুঝতে পারদর্শী। কয়েক ধরনের উচ্চারণ বা অ্যাকসেন্টও সহজে শনাক্ত করবে নতুন সংস্করণ।
চ্যালেঞ্জ করবে চ্যাটজিপিটিকে
এরই মধ্যে অ্যাপল সিরির নতুন সংস্করণ নিয়ে সারাবিশ্বে হইচই পড়ে গেছে। নতুন করে প্রশ্ন আসছে, নতুন সিরি কি চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতা করার সামর্থ্য রাখে?
অনেক টেক বিশেষজ্ঞ বলছেন, এটি চ্যাটজিপিটিকে বাস্তবিক অর্থেই অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি করবে। কিন্তু এসব নির্ভর করছে অ্যাপল উদ্ভাবিত সিরি কতটা গ্রাহকবান্ধব পরিষেবা দেয়, তার ওপর।
কবে থেকে পাওয়া যাবে
অ্যাপল চলতি বছরের ৮ জুন সংস্থার বৈশ্বিক কিনোট অনুষ্ঠানে প্রথম সিরির এআই সংস্করণ তৈরিতে নিজেদের অবস্থান সুস্পষ্ট করে। সারাবিশ্বে এই সংস্করণ
আগামী ২৭ সেপ্টেম্বর উন্মোচিত হবে বলে জানানো হয়।
- বিষয় :
- কৃত্রিম বুদ্ধিমত্তা
- অ্যাপল
