ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

স্টার্টআপ সাফল্য

শুধু ডিগ্রি অর্জন নয় দক্ষতা বেশি জরুরি

শুধু ডিগ্রি অর্জন নয় দক্ষতা বেশি জরুরি
×

কুণাল শাহ, গ্লোবাল সিইও, হোয়াটসঅ্যাপ

মুস্তাফা তৌহিদ

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১১:১৯

বিশ্বের স্টার্টআপ জগতে এমন কিছু সাড়াজাগানো নাম আছে, যাদের গল্প শুনলে মনে হয় যেন কোনো সাজানো গল্পসম্ভার। সেই তালিকায় নিঃসন্দেহে এখন সবচেয়ে আলোচিত নাম কুণাল শাহ। কিছুদিন আগে মেটা তাঁকে হোয়াটসঅ্যাপের বৈশ্বিক নির্বাহী কর্মকর্তা হিসেবে ঘোষণা করেছে।

এর পর থেকেই টেক দুনিয়ার আলোচনার কেন্দ্র হয়েছেন তিনি। এই সাফল্যের পথ মসৃণ ছিল না। নিজের এমবিএ পড়াতে ভাটা পড়েছে। জীবনের তাগিদে কাজ করেছেন ডেলিভারি বয় হিসেবে। তারপরও এমন ঈর্ষণীয় সাফল্যের চূড়ায় কীভাবে পৌঁছালেন মুম্বাইয়ের ছেলে কুণাল– এমন প্রশ্ন তৈরি হয়েছে। অতীতে তাঁর পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ঠিক যে কারণে কিশোর বয়সে রোজগারের দায়িত্ব নিতে হয়েছিল তাঁকে। সাইবার ক্যাফে পরিচালনা, ডেলিভারি বয়, ডেটা এন্ট্রি অপারেটর, আইসক্রিম বিক্রেতা– এসব কাজই করতে হয়েছে তাঁকে। জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে মাত্র ১৬ বছর বয়সে প্রথম আয় করেন। ঠিক তখন থেকেই স্বপ্ন বুনতেন একদিন বড় উদ্যোক্তা হবেন। উদ্যোক্তা হওয়ার স্বপ্নে বিভোর কুণাল কখনোই প্রচলিত সাফল্যের পেছনে ছোটেননি। ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্টের আকর্ষণীয় ডিগ্রির বদলে প্রথমে তিনি পড়েছিলেন মুম্বাই শহরের উইলসন কলেজে দর্শন বিভাগে। পরে এমবিএতে ভর্তি হলেও মাঝপথেই পড়াশোনার ইতি টানেন। তাঁর বিশ্বাস ছিল, বাস্তবই জীবনের সবচেয়ে বড় শিক্ষক। আর এমন বিশ্বাস থেকেই উদ্যোক্তা হওয়ার লক্ষ্য নিয়ে এগোতে থাকেন।

২০১০ সালে প্রথমে ফ্রিচার্জ তৈরি করে ভারতে ডিজিটাল পেমেন্টের জগতে নিজের মেধার পরিচয় দেন। পরে সেই সংস্থা বিক্রি করে দেন।

২০১৮ সালে আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু করেন ক্রেড। ক্রেডিট কার্ড বিল সময়মতো পেমেন্ট করলেই মিলবে রিওয়ার্ড। ক্রেডের এই অভিনব প্রচারেই অ্যাপটিকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। সর্বশেষ হিসাব বলছে, এক কোটি ৭০ লাখের বেশি গ্রাহকের ডিভাইসে সক্রিয় রয়েছে এই অ্যাপ।

কিছুদিন আগে মেটার বড় বিনিয়োগের পরে ক্রেডের মূল্য পৌঁছে গেছে কয়েক বিলিয়ন ডলারে। ঠিক সে সময়েই কুণাল শাহকে হোয়াটসঅ্যাপের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত জানায় মেটা। মার্ক জাকারবার্গ নিজেই তাঁর বিল্ডার মাইন্ডসেট ও দূরদর্শিতার খোলামেলা প্রশংসা করেছেন। কিন্তু কুণাল শুধু ব্যবসাকে শুধু সাফল্যের মাপকাঠিতে বিচার করেন না; তাঁর ভাবনা, বড় সংস্থা তৈরি করতে হলে অন্যের ভাবনাকে বোঝা খুব জরুরি। কারণ, ডিগ্রি অর্জন করার চেয়েও বেশি প্রয়োজন দক্ষতা। ডেলিভারি বয়ের চাকরি থেকে হোয়াটসঅ্যাপের নেতৃত্ব– কুণাল শাহের এই জয়যাত্রা প্রমাণ করে, স্বপ্ন বড় হলে যে কোনো লক্ষ্যে পৌঁছানো অসম্ভব নয়।

একজন অ্যাঞ্জেল ইনভেস্টর

কুণাল শাহ। জন্ম ৩০ মে ১৯৭৯। ভারতীয় উদ্যোক্তা ও অ্যাঞ্জেল ইনভেস্টর। তিনি অনলাইন রিচার্জ প্ল্যাটফর্ম ফ্রিচার্জের সহপ্রতিষ্ঠাতা ছিলেন, যা ২০১৫ সালে স্ন্যাপডিল অধিগ্রহণ করে। পরে তিনি ক্রেড প্রতিষ্ঠা করেন, যা শুধু সদস্যের জন্য ক্রেডিট কার্ডের বিল পরিশোধের ভিত্তিতে পুরস্কার প্রাপ্তির প্ল্যাটফর্ম। ফিনটেক সংস্থা ক্রেড প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কুণাল শাহ হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। খবরটি নিশ্চিত করেছে মেটা। ২০১৯ সাল থেকে হোয়াটসঅ্যাপের দায়িত্বে ছিলেন উইল ক্যাথকার্ট। তাঁর স্থলাভিষিক্ত হবেন কুণাল শাহ। এরই মধ্যে মেটার সিইও মার্ক জাকারবার্গ কুণাল শাহের প্রশংসা করে বলেছেন, কুণালের সময়ে ক্রেড ভারতের অন্যতম পেমেন্ট অ্যাপ হিসেবে জনপ্রিয়তা অর্জন করে। তাঁর চিন্তাভাবনা হোয়াটসঅ্যাপকে আগামীর পথে এগিয়ে নিয়ে যাবে। অন্যদিকে, মেটার চিফ প্রডাক্ট অফিসার ক্রিস কক্স কুণাল শাহের দূরদর্শিতার কথা উল্লেখ করেন।

কুণাল শাহ নিজের লিঙ্কডইন প্রোফাইলে জানান, ক্রেড এখন নতুন কারও দায়িত্বে চলবে। তাঁর দায়িত্ব থেকে তিনি সরে যাচ্ছেন। আপাতত অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেবেন মিতেন সম্পৎ। কুণাল অবশ্য সংস্থার শেয়ারহোল্ডার হিসেবে সেখানে থাকবেন। ২০১৮ সালে ক্রেড প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এর সদস্য সংখ্যা এক কোটি ৭০ লাখের বেশি। তাঁর দায়িত্বেই ক্রেড তিন হাজার ২০০ কোটি মূল্যের ব্যবসা করেছে। নবনিযুক্ত দায়িত্ব প্রসঙ্গে কুণাল বলেন, দ্রুত বার্তাবিনিময় প্রযুক্তির দিক থেকে এখন হোয়াটসঅ্যাপ অনেক এগিয়ে। কিন্তু বর্তমান সময়ের কিছু আপডেটের সঙ্গে এখনও অনেক ব্যবধান রয়েছে। সেই ব্যবধান দূর করতেই মেটার সঙ্গে নতুন কৌশলে কাজ শুরু করবেন কুণাল শাহ। 

আরও পড়ুন

×