জুমের বিকল্প হবে মেটা
সাব্বিন হাসান
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১১:২৩
ল্যাপটপ বা কম্পিউটারে অনেকে হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণ ব্যবহার করেন। অনেকে এতে ভিডিও কল বা ভয়েস কল করতে পারেন না। কারণ, ল্যাপটপে এই অ্যাপ অ্যাপ্লিকেশন না থাকলে শুধু ওয়েব সংস্করণ ব্যবহার করে কল করার সুবিধা পাওয়া যায় না।
সুখবর হলো, এই সীমাবদ্ধতা আর থাকছে না। অ্যাপটি গ্রাহকবান্ধব আরেকটি বড় ধরনের আপডেট নিয়ে আসছে। ওয়েব হোয়াটসঅ্যাপে এখন থেকে আগ্রহীরা গ্রুপ ভয়েস কল, গ্রুপ ভিডিও কল, স্ক্রিন শেয়ার এবং কল লিঙ্ক তৈরির মতো নতুন কিছু সুবিধা পাবেন। এতে ব্রাউজার থেকেই এখন অনেক সহজে অনলাইন মিটিং
ও গ্রুপ কলিং পরিষেবা পাওয়া যাবে।
নতুন এই আপডেটের মাধ্যমে অ্যাপের ওয়েব এখন অনেকটা জুম বা গুগল মিটের মতো পরিষেবা দেবে। যদি অ্যাকাউন্টে এই ফিচার সচল থাকে, তাহলে গ্রুপ চ্যাটের মধ্যে কল বাটন দৃশ্যমান হবে। সেখানে ক্লিক করে ভয়েস কল বা ভিডিও কল করা যাবে। এতে বন্ধুদের সঙ্গে আড্ডা, অফিসের মিটিং ও টিম ডিসকাশন সহজ হবে।
কারা পাবেন সুবিধা
অনেকে এখনও এই অ্যাপের বেটা সংস্করণ ব্যবহার করেন। তারা নিজের ওয়েব ব্রাউজারে এই ফিচার সুবিধা নিতে পারবেন। সংস্থাটি বলছে, গ্রুপ কলে সর্বাধিক ৩২ জন অংশ নিতে পারবেন। নতুন আপডেটে রয়েছে কল লিঙ্ক ফিচার।
আবার বিশেষ লিঙ্ক তৈরি করে যে কাউকে তাতে পাঠানো যাবে। ওই লিঙ্ক ব্যবহার করে আগ্রহীরা সহজেই ভিডিও কলে অংশ নিতে পারবেন। অন্যদিকে ভিডিও কলের সময় মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধা।
নিরাপত্তার প্রশ্নে আগের থেকে গুরুত্ব জোরালো করেছে এই অ্যাপ। সংস্থাটি বলছে, ভিডিও কল, গ্রুপ কল ও স্ক্রিন শেয়ার করার সময় এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচারটি ঢাল হয়ে কাজ করবে। এতে সবার চ্যাট ও শেয়ার করা তথ্য সুরক্ষা বলয়ে থাকবে।
নম্বর ছাড়া হোয়াটসঅ্যাপ
দ্রুতই হোয়াটসঅ্যাপে আসতে চলেছে আরেকটি বড় পরিবর্তন। এর আগে কাউকে এই অ্যাপে মেসেজ পাঠাতে হলে তার ব্যবহৃত ফোন নম্বর জানার বিকল্প ছিল না।
কিন্তু এবার এই অ্যাপে আসছে ইনস্টাগ্রামের মতো নম্বর ছাড়া ফিচার, অর্থাৎ এখন থেকে কাউকে মেসেজ পাঠাতে হলে আর ফোন নম্বর প্রয়োজন হবে না। কীভাবে করা যাবে এই মেসেজ– এমন প্রশ্ন আসা তো স্বাভাবিক।
মেটা বলছে, হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারে ফোন নম্বরের বদলে শুধু ইউজার নেম দিয়েই কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন। নিরাপত্তার প্রয়োজনে মোবাইল নম্বর শেয়ার না করলেও এই অ্যাপ ব্যবহারে অসুবিধা হবে না। অর্থাৎ ইনস্টাগ্রামের মতো ইউজার নেম ঘরানার ফিচার চালু করা হচ্ছে।
যে কারণে ইউজার নেম এলো
অনেকে হয়তো ভাবছেন, কীভাবে এই ইউজার নেম কাজ করবে? সে ক্ষেত্রে প্রত্যেককে নিজের পছন্দমতো ইউনিক ইউজার নেম নির্বাচন করতে হবে। তবে এই ইউজার নেম নির্বাচনের ক্ষেত্রে রয়েছে কিছু শর্ত ও নিয়ম। ইউজার নেম তিন থেকে ৩৫ অক্ষরের মধ্যে হতে হবে। তা ছাড়া একই ইউজার নেম দুজন ব্যবহার করতে পারবেন না।
আর হোয়াটসঅ্যাপে ইউজার নেম ঠিক ইনস্টাগ্রামের মতো হবে না। অর্থাৎ ইনস্টাগ্রামে পাবলিক সার্চ ডিরেক্টিতে গিয়ে যে কোনো নামের ইউজার নেম সার্চ করলেই একই নামের অনেক প্রোফাইল দৃশ্যমান হয়। সেখান থেকে যে কোনোটি বেছে নেওয়া যাবে। কিন্তু হোয়াটসঅ্যাপে কাউকে প্রথমবার খুঁজতে হলে তার সঠিক ইউজার নেম জানতে হবে।
বিশেষ কি পরিষেবা
তবে শুধু ইউজার নেমের ক্ষেত্রেই এই নতুন ফিচার এসেছে, তা কিন্তু নয়। নিরাপত্তার দিক থেকেও এসেছে কয়েকটি নতুন পরিষেবা। এটি হলো ইউজার নেম কি। এই ‘কি’ ব্যবহার করে যে কেউ ঠিক করতে পারবেন প্রথমে কে আপনাকে আপনার ইউজার নেম ব্যবহার করে মেসেজ পাঠাতে পারবেন। তবে এ ক্ষেত্রে রয়েছে জটিল নিরাপত্তা ইস্যু। যদি কোনো স্প্যাম বা অচেনা ব্যক্তির মেসেজ আসে, তা হলে সেটি এই কি-তে ক্লিক করেই বন্ধ করতে পারবেন।
ইউজার নেম যেভাবে সেট করবেন
প্রথমে হোয়াটসঅ্যাপে সেটিংস অপশনে গিয়ে অ্যাকাউন্টে যেতে হবে। এরপর অ্যাকাউন্ট অপশনে গিয়ে নিজের পছন্দমতো ইউজার নেম নির্বাচন করতে হবে। যদি পছন্দের ইউজার নেম কেউ আগে থেকেই সেট করেন, তা হলে হোয়াটসঅ্যাপের বিকল্প ইউজার নেম সাজেস্ট করবে।
কেন হঠাৎ এমন ফিচার
সারাবিশ্বে ৩০০ কোটির বেশি গ্রাহক এই অ্যাপ ব্যবহার করছেন। অ্যাপের নিবন্ধিত গ্রাহককে নিরাপত্তা ও অনলাইন স্ক্যামকে প্রতিহত করতে এই ফিচার আনা হয়েছে। ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা ও ফোন নম্বরকে সুরক্ষিত রাখতে এই ফিচার কাজ করবে– এমনটাই বলছেন টেক বিশেষজ্ঞরা।
- বিষয় :
- ল্যাপটপ
