ফ্রি ওটিটিতে ভয়ংকর ফাঁদ
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ১২:৩৯
সাইবার অপচক্রের হাতিয়ার এখন ফ্রি ওটিটি ঘরানার অ্যাপ। এপিকে ফাইলের মাধ্যমে বেহাত হয়েছে অনেক অপতথ্য। ব্লকবাস্টার সিনেমা প্রকাশ, বড় খেলার ইভেন্ট বা কোনো এক্সক্লুসিভ কনটেন্ট বাজারে আসার পরেই এ ধরনের বেশ কিছু অ্যাপ্লিকেশন ছড়িয়ে পড়ার ঘটনা শনাক্ত হয়েছে। লিখেছেন সাব্বিন হাসান
ইন্টারনেটের রমরমা বাজারে ফ্রি ওটিটি এখন বিশেষ ট্রেন্ড। সাবস্ক্রিপশন না করে ফ্রিতে ওটিটি অ্যাড হরহামেশাই দেখা যায়। ফ্রি মানেই যে কোনো পন্থায় বোকা বানানোর পাঁয়তারা। প্রশ্ন হলো, এতে নিজে ধোঁকায় পড়বেন কিনা। কারও নাম ফ্রি নেটফ্লিক্স, কারও নাম আবার ফ্রিতে প্রিমিয়াম ওটিটি অ্যাকসেস। ফ্রির চক্করে ওই অ্যাডের ক্লিকে ঢুকে পড়লে কিন্তু খুবই মুশকিল।
নিমেষে গায়েব
নিমেষে গায়েব হয়ে যেতে পারে অ্যাকাউন্টের টাকা। আর ডেটা চুরি, কয়েক সেকেন্ডের মধ্যেই কেল্লাফতে। কিছুদিন আগেই শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ। ইন্টারনেটে বেশ কিছু সাইট বিশ্বকাপের খেলা দেখিয়ে প্রচুর দর্শক টেনেছে। সেগুলো যে ডেটা চুরি করেনি, হলফ করে বলতে পারছেন না সাইবার বিশেষজ্ঞরা। তাই তাদের একটাই বক্তব্য, ফ্রিতে সেভাবে কিছুই হয় না। তাই এ ধরনের সাইট থেকে দূরত্ব মেনে চলতে হবে।
কিছুদিন আগেই এক ভুক্তভোগী বিশেষ ঘরানার অ্যাপ্লিকেশনের খোঁজ পান নেট দুনিয়ায়। এতে দৃষ্টি আর্কষণে বলা হয়, প্রথম সারির বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মে একেবারে ফ্রিতে প্রবেশাধিকার দেওয়া হবে। এর জন্য সাবস্ক্রিপশনের প্রয়োজন পড়বে না। এমন চটকদার অফারে পা বাড়িয়ে বিশেষ এক অ্যাপ স্মার্টফোনে বা টিভিতে ইনস্টল করার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু এই ভুলে দিতে হয়েছে চরম মূল্য। কিছু বুঝে ওঠার আগেই তার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় বড় অঙ্কের অর্থ। তাই যে কোনো ফ্রি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে সব সময় সঠিকভাবে যাচাই-বাছাই করার পরামর্শ এড়িয়ে যাওয়া উচিত নয়। এসবের ভেতরে ম্যালওয়্যার লুকানো থাকে, যা ডেটা, বিশেষ করে ব্যাংকিং ডিটেইল হাতিয়ে নিতে পারে চোখের পলক পড়ার আগেই।
বিশেষজ্ঞরা বলছেন, সাইবার অপচক্রের এখন অন্যতম পদ্ধতি হয়ে উঠছে এ রকমের ফ্রি ওটিটি ঘরানার অ্যাপ। এসব কয়েকটি প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে। এপিকে ফাইলের মাধ্যমে বেহাত হয়েছে অনেক অপতথ্য। সারাবিশ্বে যে কোনো ব্লকবাস্টার সিনেমার উন্মোচন, বড় খেলার ইভেন্ট বা কোনো এক্সক্লুসিভ কনটেন্ট বাজারে আসার পরেই এ ধরনের বেশ কিছু অ্যাপ্লিকেশন তড়িঘড়ি করে ছড়িয়ে পড়ে। অনেকে না বুঝেই পা বাড়ান সেই ফাঁদে। এভাবেই অসংখ্য মোবাইল গ্রাহক ও ওটিটি দর্শক তাদের ফোন, ব্যক্তিগত ডেটার অ্যাকসেস আলগা করে দিয়েছেন। এসব অ্যাপ সাধারণত মেসেজ বা কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইটে ছড়িয়ে রয়েছে। ক্লিক করলেই সেসব ঢুকে পড়ে যে কারও ডিভাইসের সিস্টেমে।
এসব অ্যাপ ছড়িয়ে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ অনুসন্ধান করেছেন সাইবার বিশেষজ্ঞরা। মূল কারণ হলো, এখন সবাই ডিজিটাল মাধ্যমে ব্যয় কমানোর কলাকৌশল খোঁজ করেন। কিন্তু অ্যাপে কোনো সিনেমা বা সিরিজ দেখার আকর্ষণ এড়াতে পারছেন না।
তা ছাড়া এখন একসঙ্গে অনেক অ্যাপ দেখতে পাওয়ার সুযোগ নতুন ট্রেন্ড। আদতে সাবস্ক্রিপশনের ব্যয় কমানোর জন্যই কয়েকটি ফ্রি অ্যাপের ফাঁদে পা দিচ্ছেন অনেকে। ফল হচ্ছে ঠিক বিপরীত। খোয়া যাচ্ছে ডিজিটাল অর্থ। বেহাত হচ্ছে গোপন তথ্য।
ঘটনা এখানেই শেষ নয়, সব ধরনের ফেক স্ট্রিমিং অ্যাপ্লিকেশন গোপনে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার প্রবেশ করানো হয় টার্গেট করা ডিভাইসে। অহরহ এসব মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে লগইন ডিটেইল, ইমেইল, ব্যক্তিগত ছবি ও ভিডিও।
বিশেষ পরামর্শ
ফ্রিতে যা পাওয়া যায়, তার প্রতি অনেকের আকর্ষণ তৈরি নতুন কোনো ধারণা নয়। তাই সচেতনতা অবলম্বন ছাড়া এমন সব অ্যাপের ফাঁদ থেকে রেহাই পাওয়ার তেমন সুযোগ নেই একেবারে। নিত্যনতুন এসব প্রতারণার হাত থেকে কার্যত রেহাই পেতে সচেতনতার গুরুত্ব সবার আগে।
- বিষয় :
- ওটিটি প্লাটফর্ম