নতুন কনটেন্ট যেসব শর্তের চাপে পড়বে
আবিদ হাসান
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১১:৫৫
কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে অধিক সংখ্যক ভিউ পেতে সহায়তা করতে কাজ করছে ইউটিউব। নতুন গণনা নীতি চালু হলে মৌলিক নির্মাতার আয় তুলনামূলক বাড়তে পারে। নির্মাতার জন্য বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। ভিডিওতে কোনো বিষয়কে একটি ভিউ হিসেবে গণ্য করা হবে, সেই নীতিতে পরিবর্তনের কথা বলা হয়েছে। গত ২৪ আগস্ট থেকে এই প্ল্যাটফর্মে ভিডিও প্রকাশকারী নির্মাতারা তাদের কনটেন্টে তুলনামূলক বেশি ভিউ আনতে পারবেন। বিষয়টি কপিক্যাট নির্মাতার জন্য দুসংবাদ। অন্যদিকে মৌলিক নির্মাতার জন্য সুখবর।
নতুন ভিউ গণনার বিভ্রান্তি
দীর্ঘ ভিডিও আর শর্টস– দুই ধরনের কনটেন্টে ভিউ গণনার নতুন নিয়ম কার্যকর। সংস্থাটি বলছে, ভিডিও প্লে হওয়া মাত্রই ও স্ক্রিনে ভিডিওর প্রথম ফ্রেম প্রদর্শিত হওয়ার মুহূর্ত থেকেই একে ভিউ হিসেবে গণনা করা হবে।
যাদের জন্য সুখবর
ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন মৌলিক নির্মাতারা। প্ল্যাটফর্মটি বলছে, নতুন নিয়মে ভিডিওর নিচে প্রদর্শিত ভিউর সংখ্যা আগের তুলনায় দ্রুত বেড়ে যাবে। এর আগে যে সংখ্যা পৌঁছাতে অনেক সময় অপেক্ষায় থাকতে হতো।ফলে নির্মাতারা অনেক ব্র্যান্ডের সঙ্গে আগের তুলনায় ভালো চুক্তি করতে পারবে। ভিউ ও দর্শক– এ দুয়ের সম্পৃক্ততার সংখ্যা বাড়লে ব্র্যান্ডের কাছে ভালো নির্মাতার কদর বাড়বে। নতুন পদ্ধতিতে ভিউ গণনা করা হলে ইউটিউবে নির্মাতার প্রকৃত দর্শক সম্পৃক্ততা জোরালো ও যথাযথভাবে প্রতিফলিত হবে। ফলে বিজ্ঞাপন দেওয়া ডিজিটাল ব্র্যান্ডের কাছে প্রকৃত নির্মাতার আলাদা চাহিদা তৈরি হবে।
হঠাৎ এই পরিবর্তনের কারণ
ভিউ গণনার নীতি পরিবর্তনের নির্দিষ্ট কারণ কর্তৃপক্ষ এখনও সেভাবে সুস্পষ্ট করেনি। এই প্ল্যাটফর্মের অনেকের ধারণা, এর পেছনে কয়েকটি সুনির্দিষ্ট কারণ রয়েছে। একদিকে নতুন নিয়মে নির্মাতার ভিউ বাড়বে দ্রুত, যা কনটেন্ট থেকে আয় বাড়ানোর সম্ভাবনা তৈরি করবে। অন্যদিকে, ভিউর সংখ্যা বাড়ার ফলে ইউটিউব নিজের মুনাফাও বাড়াতে সক্ষম হবে। কারণ, বেশ কিছু অঞ্চলে ইনস্টাগ্রাম রিলস ও টিকটকের মতো প্ল্যাটফর্মের সঙ্গে টানটান লড়াই করছে ইউটিউব। ভিউ গণনার নতুন পরিবর্তনের সঙ্গে নির্মাতার জন্য সম্প্রতি পরিবর্তন করা আরেকটি নীতির সম্পর্ক দৃশ্যমান হয়েছে।
নতুন নির্মাতার ক্ষেত্রে ভিডিও ও শর্টসের ওয়াচ আওয়ারের গুরুত্ব বাড়িয়েছে ইউটিউব। তুলনামূলক কম সাবস্ক্রাইবার ও রিচ পাওয়া নির্মাতার জন্য এটি আয়ের সম্ভাবনা সীমিত করতে পারে।
নতুন নিয়ম ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে পুরোপুরি কার্যকর হবে। ফলে আয় কমে যাওয়ার ঝুঁকি কমাতে নির্মাতার কনটেন্ট কৌশলে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য এখনও কিছুটা সময় রয়েছে। এরই মধ্যে যারা ইউটিউব পার্টনার প্রোগ্রামে (ইপিপি) যোগ দিতে বা নিবন্ধন করতে চাইছেন, তাদের কনটেন্টে আরও বেশি ভিউ পাওয়ার চ্যালেঞ্জ নিতে হবে। মূল চ্যালেঞ্জ হবে দ্রুত সাবস্ক্রাইবার বাড়ানো।
- বিষয় :
- ইউটিউব