ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

অ্যাপে মুছে গেছে চ্যাট খোঁজ করবেন যেভাবে

অ্যাপে মুছে গেছে চ্যাট খোঁজ করবেন যেভাবে
×

মুস্তাফা তৌহিদ

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১১:৫৭

নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা বা অ্যাপটি পুনরায় ইনস্টল করার পর পুরোনো চ্যাট, ছবি বা জরুরি কথোপকথন না পেলে চিন্তার কারণ নেই। আগে থেকে ব্যাকআপ করা থাকলে হোয়াটসঅ্যাপের গুগল অ্যাকাউন্ট বা আইক্লাউড ব্যাকআপ থেকে সহজেই চ্যাট হিস্ট্রি ফিরিয়ে আনা যায়। কিন্তু রিস্টোর করার আগে নিশ্চিত হতে হবে সঠিক অ্যাকাউন্ট ও ফোন নম্বর ব্যবহার করা হয়েছে।

চ্যাট ফিরবে যেভাবে

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ক্ষেত্রে এই অ্যাপের চ্যাট সাধারণত গুগল অ্যাকাউন্ট ব্যাকআপের মাধ্যমে রিস্টোর হয়ে থাকে। ব্যাকআপ রয়েছে কিনা, তা দেখতে প্রথমে গুগল ওয়ান অ্যাপ খুলে নিজের গুগল অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর স্টোরেজ থেকে আদার অপশনে গেলে ব্যাকআপ তৈরি হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যাবে।

ব্যাকআপ নিশ্চিত করার পর প্রথমে অ্যাপটি আনইনস্টল করে পুনরায় ইনস্টল করতে হবে। নিজের ফোন নম্বর যাচাই করার পর অ্যাপে ব্যাকআপ পাওয়া গেলে রিস্টোর অপশনে ট্যাপ করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই পুরোনো চ্যাট ফিরে আসবে।

ব্যাকআপ না থাকলে

যদি গুগল অ্যাকাউন্টে কোনো ব্যাকআপ দৃশ্যমান না হয়, তাহলে পুরোনো ফোন থেকে নতুন ফোনে সরাসরি চ্যাট ট্রান্সফার করার সুযোগ থাকতে পারে। তাই পুরোনো ফোনে হোয়াটসঅ্যাপের চ্যাট এখনও থাকলে সেটি মুছে ফেলার আগে নতুন ফোনে ট্রান্সফার করে নিতে হবে।

ব্যাকআপ রিস্টোর না করে যদি স্কিপ করে হোয়াটসঅ্যাপ চালু করা হয় ও পরে নতুন ব্যাকআপ তৈরি হয়, তাহলে আগের ব্যাকআপের জায়গায় নতুন ব্যাকআপ সংরক্ষিত হতে পারে।

আইফোনে যেভাবে ফিরবে চ্যাট

আইফোন ব্যবহারকারীর ক্ষেত্রে চ্যাট রিস্টোর করার জন্য প্রয়োজন আইক্লাউড ব্যাকআপ। ব্যাকআপ রয়েছে কিনা, তা যাচাই করতে আইফোনের সেটিংস থেকে চ্যাট হয়ে চ্যাট ব্যাকআপ অপশনে যেতে হবে। সেখানে শেষ ব্যাকআপের সময় ও আকার দেখা যাবে। ব্যাকআপ থাকলে অ্যাপটি আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। নিজের ফোন নম্বর ও অ্যাপল আইডি যাচাই করে রিস্টোর চ্যাট হিস্টোরি অপশনে ট্যাপ করে নিতে হবে।

রিস্টোর করার আগে

চ্যাট রিস্টোর করার সময় নিরাপত্তার কারণে হোয়াটসঅ্যাপ ব্যক্তির পরিচয় যাচাই করতে পারে। প্রয়োজনে এসএমএস বা ফোনকলের মাধ্যমে পাওয়া কোড দিয়ে ভেরিফিকেশন করার প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে চ্যাট হারানোর আগে নিয়মিত ব্যাকআপ সক্রিয় করা হলো ঝুঁকিমুক্ত পদ্ধতি।

আরও পড়ুন

×