স্টার্টআপের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি দিল বিন
টেকলাইফ প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১২:২১
চলতি বছর বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডসে নির্বাচিত কয়েকটি খাত থেকে ৩৫৫টি উদ্ভাবনী প্রকল্প জমা পড়ে। এসব প্রকল্পের মধ্য থেকে নির্বাচিত ৪৪টি তথ্যপ্রযুক্তি উদ্ভাবনকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)। ‘উদ্ভাবনকে স্বীকৃতি, রূপান্তরকে অনুপ্রেরণা’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটি অডিটোরিয়ামে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট গিফট ও সম্মাননা দেওয়া হয়। স্টার্টআপ, শিল্প, শিক্ষা, ব্যাংকিং, সরকারি প্রশাসনের ৪০ জন অভিজ্ঞ বিচারক এসব প্রকল্প মূল্যায়ন করেন। এর মধ্য থেকে ৯টি চ্যাম্পিয়ন, ১০টি উইনার ও ২৫টি মেরিট পুরস্কার দেওয়া হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ প্রতিযোগিতা প্রসঙ্গে বলেন, বাংলাদেশকে শুধু বিদেশি প্রযুক্তির ভোক্তা হিসেবে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং নিজস্ব উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে প্রযুক্তির উৎপাদক ও রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ডিজাইন, সফটওয়্যার, ডেটা সেন্টার ও ডিজিটাল সেবায় বিশ্বমঞ্চে মেইড ইন বাংলাদেশ ব্র্যান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে। বিপুলসংখ্যক উদ্ভাবনী উদ্যোগ প্রমাণ করে, বাংলাদেশের তরুণদের মেধা, সদিচ্ছা ও উদ্ভাবনী শক্তির কোনো অভাব নেই।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, উদ্ভাবনকে উৎসাহিত করতে দেশে বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও উদ্ভাবকদের উদ্ভাবনকে পরবর্তী ধাপে নিয়ে গিয়ে বিপণন, ইনকিউবেশন ও বাণিজ্যিকীকরণে এখনও অনেক সীমাবদ্ধতা রয়েছে। চিহ্নিত সমস্যা সমাধানে সরকার উদ্ভাবনবান্ধব সমন্বিত ইকোসিস্টেম ও এর জন্য আলাদা সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
- বিষয় :
- উদ্ভাবন