ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বকেয়া নেই, তবুও সমস্যা নেটফ্লিক্সে

বকেয়া নেই, তবুও সমস্যা নেটফ্লিক্সে
×
×

আবিদ রায়হান

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১১:৪৫

আগ্রহ নিয়ে নেটফ্লিক্সে প্রবেশ করতে গিয়ে অনেকেই ইয়োর অ্যাকাউন্ট ইজ অন হোল্ড বার্তার সম্মুখীন হন। পরিষেবা ফি দেওয়ার পরও অনেক সময়ে এ সমস্যা থেকে যায়। এর মানে কী? কীভাবেই বা এ সমস্যার সমাধান করবেন? সাধারণত নেটফ্লিক্সে আপনার সর্বশেষ পেমেন্টটি ঠিকমতো না হলে এই সমস্যা হয়। বিনোদন সংস্থাটি বলছে, পেমেন্ট প্রক্রিয়া করতে সমস্যা হলে অ্যাকাউন্ট সাময়িকভাবে হোল্ডে চলে যেতে পারে এবং তখন নেটফ্লিক্স খুলতে গেলেই এ সমস্যা দেখা দেয়।

কেন এই সমস্যা হয়

পেমেন্টের সমস্যা ছাড়াও এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। প্রথমত, আপনার পেমেন্ট ওয়ালেটে পর্যাপ্ত অর্থ নাও থাকতে পারে। আবার কার্ডে কোনো বকেয়া চার্জ বা অথেন্টিকেশন থাকলেও ব্যবহারযোগ্য ব্যালান্স কমে যেতে পারে। ফলে এই প্ল্যাটফর্মের চলতি মাসের পেমেন্ট অসম্পূর্ণ রয়ে যেতে পারে। আরেকটি কারণ হলো ব্যবহৃত কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে বা সেটি আর বৈধ না থাকলে এমন সমস্যা হতে পারে। অনেক সময়ে যে ব্যাংক বা আর্থিক সংস্থা থেকে মাসিক পেমেন্ট করছেন, তা থেকে টাকা ডেবিট হওয়ার পরও ব্যাংক সফলভাবে ট্রানজেকশন না করলে 
এমন নোটিফিকেশন দৃশ্যমান হয়। 

আরেকটি কারণ হতে পারে পেমেন্টের তথ্যের অসংগতি। নেটফ্লিক্সে দেওয়া তথ্য এবং আপনার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে থাকা তথ্যের মধ্যে মিল না থাকলেও পেমেন্ট ব্যর্থ হতে পারে। নেটফ্লিক্সের ক্ষেত্রে (E101) এরর কোড দেখা গেলেও পেমেন্ট প্রক্রিয়া পরিবর্তন বা আপডেট করে সমস্যার সমাধান করা যেতে পারে।

অ্যাকাউন্ট যেভাবে সক্রিয় হবে

সমস্যা সমাধানের সবচেয়ে সহজ উপায় হলো আপনার পেমেন্ট মেথড আপডেট বা পরিবর্তন করা। নেটফ্লিক্সের ম্যানেজ পেমেন্ট মেথড পেজে গিয়ে প্রয়োজন হলে সাইন ইন করতে হবে। এরপর আপডেট অপশন বেছে নিয়ে বর্তমান পেমেন্টের তথ্য পরিবর্তন করতে পারেন। চাইলে চেঞ্জ পেমেন্ট মেথড নির্বাচন করে নতুন কোনো পেমেন্ট পদ্ধতিও যোগ করার সুযোগ রয়েছে।

পরিষেবা ব্যয় ঠিকঠাক আপডেট করার পরও যদি একই বার্তা সামনে আসে, তাহলে ডিভাইসে ব্যাক বা রিফ্রেশ করে আবার সক্রিয় করার চেষ্টা করতে হবে। এতে সমাধান না হলে ব্যাংক বা আর্থিক সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে। 

আরও পড়ুন

×