আগামীর গ্যাজেট
অঙ্গভঙ্গি-কণ্ঠস্বর বুঝে নিজেই ক্যামেরা ঘোরাবে রোবট ফোন
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১১:৪৬
স্মার্টফোনের ক্যামেরা নিজে থেকে ঘুরে অনুসরণ করলে কেমন হয়, ভাবা যায়! ভিডিও করার সময় ফোনের ক্যামেরা যদি কনটেন্ট ক্রিয়েটরের নড়াচড়া বুঝে নিজের অবস্থান পরিবর্তন করতে পারে, তাহলে কনটেন্ট তৈরি হবে নিমেষে। ঠিক এমন ধারণা নিয়ে কাজ করেছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড। অনার তাদের রোবট ফোন প্রচলিত স্মার্টফোনের সঙ্গে রোবটিক মুভমেন্ট, এআই ও অভূতপূর্ব
ভিডিও ধারণের কৌশল যুক্ত করেছে।
এই রোবট ফোন হলো বিশ্বের প্রথম রোবটিক গিম্বেল ক্যামেরা সমন্বিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যা চলতি বছরে চীনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। বাংলাদেশে অনারের আলফা স্টোরে এই
ফোন এখন প্রদর্শন করা হচ্ছে।
ক্যামেরা ও গিম্বেল
এ ফোনের পেছনে রয়েছে মোটরচালিত ক্যামেরা ব্যবস্থা। চার ধরনের স্বাধীন মুভমেন্ট বা ফোর-ডিওএফ প্রযুক্তির সহায়তায় ক্যামেরা চারপাশে ঘুরতে পারে। চলন্ত অবস্থায় এতে ভিডিও ধারণ ও ক্যামেরার অবস্থান নিয়ন্ত্রণ সহজ হয়।
স্বয়ংক্রিয় ট্র্যাকিং
এআই প্রযুক্তি ব্যবহারকারী বা নির্দিষ্ট বিষয়বস্তুকে শনাক্ত করে ক্যামেরাকে তার দিকে ঘোরাতে পারে। ফলে ভ্লগ, লাইভ স্ট্রিমিং, ভিডিও কল কিংবা একা দাঁড়িয়ে ভিডিও ধারণের সময় ক্যামেরা পরিচালনার জন্য আলাদা কাউকে প্রয়োজন না-ও হতে পারে।
২০০ মেগাপিক্সেলের ক্যামেরা
প্রধান গিম্বেল ক্যামেরা ২০০ মেগাপিক্সেলের। সঙ্গে রয়েছে ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা। টেলিফটো ক্যামেরায় রয়েছে ২ দশমিক ৭ গুণ অপটিক্যাল জুম।
সিনেমার মতো ভিডিওচিত্র
পেশাদার চলচ্চিত্র ক্যামেরা নির্মাতা সংস্থা অ্যারির সঙ্গে তৈরি ইমেজিং প্রযুক্তি এতে যুক্ত হয়েছে। অ্যারি, লগসিথ্রি ও সিনেম্যাটিক কালার প্রসেসিং করার সুবিধা ভিডিও নির্মাতার
পোস্ট-প্রোডাকশনে ফুটেজ সম্পাদনা ও রঙের সমন্বয় করতে সহায়তা করবে।
ইয়োইয়ো মোড
মডেলে ম্যাজিক ওএসভিত্তিক ইয়োইয়ো রোবট মোড রয়েছে। অঙ্গভঙ্গি, কণ্ঠস্বর ও সার্বিক পরিস্থিতি বুঝে নিজস্ব নির্দেশনায় নির্দিষ্ট কাজ করতে পারে। কথোপকথনে প্রতিক্রিয়া জানানো ও সংগীতের তালে নড়াচড়ার মতো বৈশিষ্ট্যও রয়েছে। সুবিধাগুলো সব অ্যাপ বা অঞ্চলে সমানভাবে পাওয়া যাবে, এটি ঠিক নিশ্চিত নয়।
কারিগরি দক্ষতা
ডিসপ্লে: ৬.৩১ ইঞ্চির এনটিপিও ওলেড ডিসপ্লে (১২১৬ x ২৬৪০ রেজল্যুশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৬৮০০ নিটস পিক ব্রাইটনেস)।
হার্ডওয়্যার ও প্রসেসর: স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ (৩ ন্যানোমিটার), ম্যাজিক ওএস ১০সহ অ্যান্ড্রয়েড ১৬।
ক্যামেরা: পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপে রয়েছে ২০০ মেগাপিক্সেল মেইন (৪-অ্যাকসিস টাইটানিয়াম গিম্বেল), ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ও ৫০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড। সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
দক্ষতা: এতে ইয়োইয়ো রোবট মোড ও ফোর-অ্যাকসিস গিম্বেল রয়েছে, যা সংগীতের মাথা নাড়াতে পারে, ভিডিও কলে ট্র্যাক করতে পারে ও ইমোশনাল বডি ল্যাঙ্গুয়েজ ধারণ করতে সক্ষম।
ব্যাটারি ও চার্জিং: ৭০৬০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি, ১২০ ওয়াট ফাস্ট ওয়্যারড ও দ্রুতগতির ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।
সংস্করণ: র্যাম ১২ জিবি ও স্টোরেজ ৫১২ জিবি। বাংলাদেশি টাকায় দাম আড়াই লাখ টাকার কাছাকাছি।
- বিষয় :
- স্মার্টফোন