ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চিঠিতে লেখা ‘বাবা-মা ভালো থেকো’, আড়ায় ঝুলছিল স্কুলছাত্রীর লাশ

চিঠিতে লেখা ‘বাবা-মা ভালো থেকো’, আড়ায় ঝুলছিল স্কুলছাত্রীর লাশ
×

ছবি: সমকাল

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২২ | ১২:২৫ | আপডেট: ১১ মার্চ ২০২২ | ২১:৫৯

জামালপুরের মেলান্দহে দু’টি চিঠি লিখে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মেলান্দহ পৌরসভার শাহজাতপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

কিশোরীকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে মেলান্দহ থানায় একটি মামলা করেছেন স্কুলছাত্রীর বাবা। মামলার একমাত্র আসামি তামিম আহম্মেদ স্বপন (২৫)। সে উপজেলার সাধুপুর কান্দাপাড়া এলাকার মো. খোকার ছেলে।

নিহত স্কুলছাত্রীর বাবা জানান, বৃহস্পতিবার সকালে খাওয়া শেষে স্কুলে চলে যায় তার মেয়ে। বিকেল সাড়ে তিনটার দিকে স্কুল থেকে বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে তার কক্ষে শুয়ে পড়ে। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে না উঠলে তার মা ডাকতে গেলে কক্ষে গিয়ে দেখেন ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মেয়ে ঝুলে আছে। এসময় চিৎকার দিলে স্থানীয়রা এসে কিশোরীকে নামিয়ে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরীর পরিবার জানায়, আত্মহত্যার আগে দু’টি চিঠি লিখে যায় কিশোরী। একটিতে লিখেছে- ‘মা, আমার সঙ্গে ওয়াহার চেয়ারম্যানের ভাতিজা আজ এক রুমে কাটাইছে। ও আমাকে খুব ডিস্টার্ব করতো। ও আমারে বলছে, ওর সঙ্গে দেখা করলে সে আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু ও আমার সঙ্গে খুব খারাপ কিছু করছে, যা বলার মতো না। বাবা-মা তোমরা ভালো থেকো। আর ছেলেটির নাম তামিম। ইতি তোমাদের আদরের আশামনি।’

অন্যটিতে লিখেছে- ‘মা, পারলে ক্ষমা করো। যদি কোনো বিচার করো, ছেলেটার নাম তামিম। মা-বাবা তোমরা ভালো থেকো। আমাকে ভুলে যেও। আমি বেঁচে থাকলে তোমাদের সম্মান শেষ হয়ে যেতো। বাবা-মা আবার বলছি ভালো থেকো। গুড বাই, সোনা বাবা মা।’

এদিকে শুক্রবার বিকেলে নিহতের পরিবার ও এলাকার লোকজন অভিযুক্ত তামিম আহম্মেদকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে থানার সামনে মানববন্ধন করেন।

এসব বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, ‘স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামি তামিমকে গ্রেপ্তার করার জন্য অভিযান চালানো হচ্ছে।’

আরও পড়ুন

×