৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী গৃহকর্মী, অভিযুক্ত গ্রেপ্তার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২২ | ০৫:৩৩ | আপডেট: ১২ মার্চ ২০২২ | ০৭:১৯
মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির মালিকের ধর্ষণের শিকার হয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন প্রতিবন্ধী গৃহকর্মী। এ ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিক রজত ধরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অপারেশন টিম।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলাউড়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী চাতলাপুর এলাকা থেকে রজত ধরকে গ্রেপ্তার করে র্যাব। তিনি কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের মৃত লক্ষ্মী কান্ত ধরের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উবাহাটা গ্রামের দুই সন্তানের বাবা রজত ধরের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন ওই বাক প্রতিবন্ধী নারী। সম্প্রতি রজত ধরের ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এমন অভিযোগে গত ৫ মার্চ নির্যাতিতার বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার সূত্র ধরে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অপারেশন টিম অভিযান চালিয়ে সীমান্তবর্তী চাতলাপুর এলাকা থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রজত ধরকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, প্রায় ৯-১০ মাস আগে উবাহাটা গ্রামে রজত ধরের বাড়িতে গৃহকর্মী হিসেবে ওই নারী কাজে যোগ দেন। গত জুলাই থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেন রজত ধর।গত বছরের ডিসেম্বর মাস থেকে ভুক্তভোগী নারী কাজে যাওয়া বন্ধ করে দেন। এ সময় তার শারীরিক অবস্থার পরিবর্তন হওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। এরপর তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায় ধর্ষণের শিকার ওই বাকপ্রতিবন্ধী ৬ মাসের অন্তঃসত্ত্বা।
র্যাবের অভিযানে অভিযুক্ত রজক ধরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে শনিবার দুপুরে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
