৮১,৫০০ লিটার সয়াবিন তেল মজুত করেছিলেন তারা
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২২ | ০৩:৩০ | আপডেট: ১৪ মার্চ ২০২২ | ০৩:৩৪
জামালপুরের মেলান্দহ উপজেলায় ৮১ হাজার ৫০০ লিটার খোলা সয়াবিন তেল মজুত করার দায়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা ১২টার দিকে মেলান্দহ বাজার এলাকায় এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম।
তেল মজুত করা দুই ব্যবসায়ী হলেন মেলান্দহ বাজারের মেসার্স তপু এন্টারপ্রাইজের মালিক প্রাণ কুমার ও জননী তেল ভান্ডারের মালিক সিরাজুল ইসলাম। তাদের দুজনের গুদামে ৮১ হাজার ৫০০ লিটার খোলা সয়াবিন তেল মজুত করা ছিল।
মেলান্দহ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ বাজারে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় মেসার্স তপু এন্টারপ্রাইজের গুদামে ৫৬ হাজার লিটার এবং জননী তেল ভান্ডারে ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। তারা দুই জন তেল ব্যবসায়ী হলেও তাদের কাছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল থাকায় তপু এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শ্রী তপু সাহাকে ২০ হাজার টাকা এবং জননী তেল ভান্ডারের স্বত্তাধিকারী সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর এসব তেল জব্দ করা হয়।
