চিঠি লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা: অভিযুক্তের সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
ছবি: সমকাল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২২ | ০২:২৩ | আপডেট: ১৫ মার্চ ২০২২ | ০২:৪৫
জামালপুরের মেলান্দহে চিঠি লিখে স্কুলছাত্রী আশামনির আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত স্বপনের সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আশামনির নিজ গ্রাম মেলান্দহের শাহজাদপুর থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্বজন ও গ্রামবাসী। পরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আশামনির বাবা আবু সাঈদ, চাচা নাজমুল মোল্লা, আমজাদ হোসেন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান জুয়েল।
মানববন্ধনে বক্তারা বলেন, আশামনির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্বপন গ্রেপ্তার হলেও তার সহযোগীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে স্কুলছাত্রী আশামনির স্বজন, সহপাঠীসহ অন্তত পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
গত ১০ মার্চ বৃহস্পতিবার বখাটে স্বপনকে দায়ী করে দু’টি চিরকুট লিখে নিজ স্বয়নকক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে স্কুলছাত্রী আশামনি। এ ঘটনায় ওই দিন দুপুরে আশামনির বাবা মো. আবু সাইদ মেলান্দহ থানায় আত্মহত্যায় প্ররোচণা অভিযোগে মামলা করেন। গত ১২ মার্চ অভিযুক্ত স্বপনকে ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের চরশশা গ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাব।
