স্পিরিট পানে দৌলতপুরে চারজনের মৃত্যু
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০৯:১৭
কুষ্টিয়ার দৌলতপুরে স্পিরিট পানে চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- উপজেলার হোসেনাবাদ এলাকার খায়ের কসাই (৫৫) ও একই এলাকার মফিজুল ওরফে মুক্তি (৩৪) এবং ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি মসজিদপাড়া এলাকার চুন্নু কসাই (৪৫) ও তারাগুনিয়া গ্রামের কাউছার আলী (২৭)।
এ ঘটনায় আরও তিনজন অসুস্থ হয়ে চিকিৎসাধীন। তাদের মধ্যে হোসেনাবাদ এলাকার জিল্লু ও হান্নান কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং লিপু নামে আরেক যুবক অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হোসেনাবাদ বাজারের একটি ফার্মেসি থেকে সাত ব্যক্তি স্পিরিট কিনে পান করেন। পরে খায়ের কসাই গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় রাতেই ঢাকায় নেওয়ার পথে মফিজুল ওরফে মুক্তি মারা যান। ভোররাতে নিজ বাড়িতে মারা যান বাহিরমাদি মসজিদপাড়া এলাকার চুন্নু কসাই ও কাউছার আলী।
অসুস্থ হান্নানের চাচা ময়েন উদ্দিন জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দু'জনই চোখে ঝাপসা দেখছেন। তাদের কারও অবস্থা ভালো নয়। মথুরাপুর ইউনিয়ন পরিষদের দফাদার নাসির উদ্দিন জানান, স্পিরিট পানে মৃত্যুর পর থেকেই ওই ফার্মেসিটি বন্ধ করে মালিক পালিয়ে গেছে। ফার্মেসির পেছন থেকে শতাধিক স্পিরিটের বোতল উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আরিফুর রহমান জানান, খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ খায়ের কসাইয়ের বাড়িতে যায়। তার পরিবারের দাবি, তিনি হৃদরোগে মারা গেছেন। আরিফুর রহমান বলেন, আরও তিনজনের মারা যাওয়ার খবর শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেননি। জানা গেছে, গতকাল রোববার মৃত ব্যক্তিদের লাশ দাফন করা হয়েছে।
- বিষয় :
- মৃত্যু
- স্পিরিট পান
- দৌলতপুর
