বগুড়ায় ছিনতাই করা টাকাসহ গ্রেফতার ৪
ছয় লক্ষাধিক টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)- সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ০৮:২২
বগুড়ার মহাস্থান এলাকা থেকে ছয় লক্ষাধিক টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছিনতাই হওয়া দেড় লাখ টাকা উদ্ধার করা হয়।
রোববার রাতে ডিবি পুলিশের একটি দল বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- জেলার কাহালু উপজেলার বিষা বড়গাছা গ্রামের মনোয়ারুল ইসলাম রাকিব (২২), একই গ্রামের নজরুল ইসলাম (২৫), নাছিম আহাম্মেদ নয়ন (১৯) ও শিবগঞ্জ উপজেলার পলিগাতি গ্রামের তরিকুল ইসলাম আতিক (১৯)।
ডিবি পুলিশ জানায়, ৩ অক্টোবর বিকেলে মোছাদ্দেক হোসেন নামের এক ব্যবসায়ী রূপালী ব্যাংক মহাস্থান শাখা থেকে ছয় লাখ ২০ হাজার টাকা তুলে মোটরসাইকেলে মোকামতলা যাচ্ছিলেন। মহাস্থান ব্রিজের উত্তরে মাঝিপাড়ায় পৌঁছলে তিন ছিনতাইকারী আরেক মোটরসাইকেল এসে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়। পরে প্রযুক্তির মাধ্যমে ডিবি পুলিশ ছিনতাইকারী পাঁচজনকে শনাক্ত করেন।
গ্রেফতাররা ডিবি পুলিশকে জানিয়েছে, পাঁচজনের একটি দল এ ছিনতাইয়ে অংশ নেয়। তাদের মধ্যে দু'জন ব্যাংক থেকে মোছাদ্দেকের গতিবিধি লক্ষ্য করে মোবাইল ফোনে অন্য তিনজনকে সংবাদ দেয়। এরপর তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে মনোয়ারুল ইসলাম রাকিবের বাড়িতে নিয়ে ওই টাকা ভাগ-বাটোয়ারা করা হয়। রাকিব এক লাখ ৮০ হাজার এবং অপর চারজন এক লাখ ১০ হাজার টাকা করে নেয়। এর মধ্যে আতিকের বাড়ি থেকে ৮০ হাজার, মনোয়ারুলের বাড়ি থেকে ৪০ হাজার ও নাছিমের বাড়ি থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহূত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আসলাম আলী জানান, আসামিদের আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। অন্য একজনকেও গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
