ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

আমতলীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, আটক ১৩ জন কারাগারে

আমতলীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, আটক ১৩ জন কারাগারে
×

 আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২২ | ০৩:৩২ | আপডেট: ১৪ জুন ২০২২ | ০৩:৩২

বরগুনার আমতলীতে পুলিশের উপর বিএনপির হামলার ঘটনায় ৩৪২ জনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার রাতে মামলাটি করা হয়। এতে ৩২ জনের নাম উল্লেখ করে ৩১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এছাড়া হামলার পর ঘটনাস্থল থেকে সোমবার বিকেলে আটক ১৩ জন নেতা কর্মীকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩ টার সময় আমতলী উপজেলা বিএনপি ও এর অংঙ্গসংগঠন একেস্কুল চৌরাস্তা মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সভা শেষে বিএনপির নেতা কর্মীরা সড়কে বিক্ষোভ করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এসময় পুলিশের সাথে বিএনপি নেতা কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে বিএনপির ছোড়া ইটের আঘাতে এসআই দাদন মিয়া, এসআই শহীদুল আলম হাওলাদার, এএসআই কামালা উদ্দিন মিয়া, এএসআই সোহরাব, সিপাহি কবির খান আহত হন।

এ ঘটনায় সোমবার রাত সাড়ে ৮টার সময় আমতলী থানার এসআই মো. ইউনুস আলী বাদী হয়ে বিএনপির সভাপতি জালাল উদ্দিন ফকির এবং সম্পাদক জহিরুল ইসলাম মামুনসহ ৩২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় ৩১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশের উপর হামলার ঘটনায় বিএনপির সভাপতি জালাল উদ্দিন ফকিরসহ ঘটনাস্থল থেকে আটক ১৩ নেতা কর্মীকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার বাদী এসআই মো. ইউনুস আলী ফকির বলেন,  সড়ক অবরোধ করে বেআইনি সমাবেশ ও পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির ৩২ জনের নাম উল্লেখ করে এবং ৩১০জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক কামরুজ্জামানি হিরু, তুহিন মৃধা, যুবদলের সভাপতি কবির ফকির, ছাত্রদলের সভাপতি নাজমুল হাওলাদার, যুবদলের সদস্য কাউন্সিলর সামসুল হক চৌকিদার, মৎস্যজীবি দলের উপজেলা সভাপতি কবির তালুকদার।

আমতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন বলেন, পুলিশ বিনা কারণে আমাদের শান্তিপূর্ন সমাবেশে লাঠি চার্জ করেছে। এতে আমাদের ২০-২৫ জন নেতা কর্মী আহত হয়েছেন। সভাপতিসহ ১৩ জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, বেআইনি সমাবেশ করে সড়ক দখল ও পুলিশের উপর হামলার ঘটনায় বিএনপির ৩২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩১০ জনকে আসামি করে সোমবার রাতে মামলা হয়েছে। আটক ১৩ নেতাকর্মীকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×