বন্যার্তদের জন্য খাদ্যসামগ্রী পাঠালেন রাসিক মেয়র
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২২ জুন ২০২২ | ১০:০৪ | আপডেট: ২২ জুন ২০২২ | ১০:০৪
সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে বিতরণের জন্য পাঁচ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী পাঠিয়েছেন আওয়ামী লীগ নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
বুধবার নগর ভবন থেকে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা দুই ট্রাক খাদ্যসামগ্রী নিয়ে বন্যার্তদের উদ্দেশ্যে রওনা দেন।
খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম মুড়ি, ১ প্যাকেট বিস্কুট, ২০ প্যাকেট খাবার স্যালাইন, ২৫০ গ্রাম খাগরাই, নাপা ওষুধ, মোমবাতি ও দিয়াশলাই।
এ বিষয়ে খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে।মেয়র এ দুর্যোগকালে সমাজের বিত্তবানদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, দেশের মানুষের সংকটে সব সময় পাশে থাকে গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ।
নগর ভবন থেকে ট্রাক রওনা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণ করতে ইতোমধ্যে সিলেট ও সুনামগঞ্জে গেছেন কাউন্সিলর আব্দুল মমিন, আনোয়ার হোসেন আনার, শহিদুল ইসলাম ও তৌহিদুল হক সুমন।
