কয়রায় পাউবোর বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত
কপোতাক্ষ নদের তীরবর্তী বাঁধের প্রায় ৩০০ মিটার ভেঙে গেছে, ছবি: সমকাল
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২২ | ২৩:৫২ | আপডেট: ১৬ জুলাই ২০২২ | ২৩:৫২
খুলনার কয়রায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৪/১ নম্বর পোল্ডারের চরামুখা এলাকায় কপোতাক্ষ নদের তীরবর্তী বাঁধের প্রায় ৩০০ মিটার ভেঙে গেছে। রোববার ভোরে নদীতে ভাটার সময় এ ঘটনা ঘটে।
সকালের জোয়ারে ওই স্থান দিয়ে পানি ঢুকতে শুরু করে। এতে অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়ে গেছে। সেইসঙ্গে প্রায় আড়াই হাজার বিঘার চিংড়ির ঘের ক্ষতির মুখে পড়েছে।
গ্রামবাসী জানায়, দীর্ঘদিন ধরে ওই স্থানের বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বাঁধ রক্ষায় স্থানীয় মানুষ গত কয়েকদিন স্বেচ্ছায় কাজ করেছে। শেষ পর্যন্ত তা রক্ষা করা সম্ভব হয়নি। রোববার ভোর রাতে বাঁধটি ভেঙে যায়।
স্থানীয় দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আছের আলী মোড়ল জানান, বাঁধের ভেঙে যাওয়া স্থান দ্রুত মেরামত করা না হলে দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়বে মানুষজন। জরুরি ভিত্তিতে বাঁধটি মেরামতের দাবি জানান তিনি।
পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মশিউল আবেদীন বলেন, বাঁধটি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, চাইলেও দ্রুত মেরামত সম্ভব নয়। নদীতে জোয়ারের তীব্রতা কমলে কাজ করা সম্ভব হবে।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস জানিয়েছেন, প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহযোগিতায় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুত বাঁধ মেরামতের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
- বিষয় :
- পানি উন্নয়ন বোর্ড
- বাঁধ ভাঙা
- কপোতাক্ষ নদ