ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রীকে কটূক্তি

বগুড়া আদালতে বিএনপি নেত্রীকে জুতা নিক্ষেপ

বগুড়া আদালতে বিএনপি নেত্রীকে জুতা নিক্ষেপ
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৭ জুলাই ২০২২ | ১১:১৫ | আপডেট: ১৭ জুলাই ২০২২ | ১১:১৫

প্রধানমন্ত্রীকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ায় বগুড়া বিএনপির নেত্রী সুরাইয়া জেরিন রনির ওপর ডিম ও জুতা নিক্ষেপ করেছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ ছাড়া তার গালে থাপ্পড়ও মেরেছেন এক আওয়ামী লীগ নেত্রী।

রোববার দুপুরে একটি মামলার জামিন নিতে গেলে বগুড়া জেলা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পরে তার জামিন না-মঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়।

জেরিন বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক এবং গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

গত ২৭ মে গাবতলীতে বিএনপির একটি সমাবেশে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন। এ নিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তিনি আত্মগোপন করেন।

গত ২৯ মে গাবতলী উপজেলা আওয়ামী লীগ জেরিনের বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ আহ্বান করে। এ সময় সেখানে বিএনপির সঙ্গে সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির ১৩৩ জনের নামে মামলা করেন এক আওয়ামী লীগ নেতা। মামলায় জেরিনকেও আসামি করা হয়।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রোববার দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে জেরিন আদালত প্রাঙ্গণে আসেন ওই মামলার জামিন নিতে। এ খবর পেয়ে ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী আদালত প্রাঙ্গণে যান এবং তার ওপর হামলা করার চেষ্টা করেন।

এ সময় জেরিন আদালত প্রাঙ্গণে একটি বাথরুমে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করেন। খবর পেয়ে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও আদালত চত্বরে অবস্থান নিলে দু'পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

পরে পুলিশ জেরিনকে হেফাজতে নিয়ে আইনজীবীর মাধ্যমে জেলা জজ আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী জামিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার তা না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কড়া পুলিশ পাহারায় তাকে আদালত ভবন থেকে নিচে নামানোর সময় সিঁড়িতে মহিলা আওয়ামী লীগের এক নেত্রী তার গালে থাপ্পড় দেন।

পুলিশের হেফাজতের মধ্যেই এ ঘটনা ঘটায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কড়া পাহারায় জেরিনকে প্রিজনভ্যানে তোলার সময় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করতে থাকেন। এ অবস্থায়তেই পুলিশ দ্রুত প্রিজনভ্যানে তাকে জেলা কারাগারে নিয়ে যায়।

বগুড়া আদালতের পুলিশ পরিদর্শক সুব্রত ব্যানার্জি বলেন, আদালত প্রাঙ্গণে দু'পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

আরও পড়ুন

×