ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এবার চেয়ারম্যানের কর্মীদের ওপর এমপি সমর্থকের হামলা

এবার চেয়ারম্যানের কর্মীদের ওপর এমপি সমর্থকের হামলা
×

উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে লাঞ্ছিত করার প্রতিবাদে বুধবার কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ -সমকাল

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ২০ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ২১ জুলাই ২০২২ | ০০:২৪

কুমিল্লার দেবিদ্বারে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে লাঞ্ছিত করার প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নেওয়ার পথে হামলার শিকার হয়েছেন তাঁর সমর্থকরা। এতে অন্তত ১৫ জন আহত হন। অভিযোগ উঠেছে, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থকরা এ হামলা চালিয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর শত শত নেতাকর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেন। এ সময় সড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। সমাবেশে যোগ দিতে গাড়িবহরে আসছিলেন উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা। এ সময় হামলার ঘটনা ঘটে। এতে আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, প্রতিবাদ সমাবেশে যাওয়ার পথে গাড়িবহরে এমপি রাজীর সমর্থকরা হামলা চালান। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার ও তাঁর ভাগ্নে সৈকতের নেতৃত্বে এ হামলা হয়েছে।

এ সময় ১৫-১৬ জন আহত হয়েছেন বলে জানান তিনি। আহতদের মধ্যে উপজেলার মোহাম্মদপুর গ্রামের রফিকুল ইসলাম, এলাহাবাদ পূর্বপাড়া উটখাড়া গ্রামের খোরশেদ আলম, একই গ্রামের মোহাম্মদ আলী, ধামতী গ্রামের মেহেদী হাসান ও মফিজুল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়। একই তথ্য দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা শাহাদাত হোসেন শিমুলও।

তবে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকার হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, চেয়াম্যানের কর্মীদের ওপর কারা হামলা চালিয়েছে, তা তিনি জানেন না।

গত ১৬ জুলাই জাতীয় সংসদ ভবনের এলডি হলে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি সভায় একটি ইউনিয়ন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিলঘুসি মারেন। এ নিয়ে দেবিদ্বারে উত্তেজনা বিরাজ করছে।

সমাবেশ প্রসঙ্গে দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবাল বলেন, বিক্ষোভ সমাবেশের কারণে মাধাইয়া এলাকায় যান চলাচলে তেমন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। দেবিদ্বার উপজেলার ওসি কমল কৃষ্ণ ধর জানান, বাগুর এলাকায় হামলার সংবাদ শুনে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ওই ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি বলে জানান তিনি।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- বরকামতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম, ভাণী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি জালাল উদ্দিন, সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির, রাজামেহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসীম উদ্দিন, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ আলম, ভাণী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলী আশরাফ মেম্বার প্রমুখ।

আরও পড়ুন

×