ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ

আ'লীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

আ'লীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
×

গ্রেপ্তার ছাত্রদল নেতা ফরহাদ হোছাইন - সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ জুলাই ২০২২ | ০৮:১৪ | আপডেট: ২৮ জুলাই ২০২২ | ১০:২০

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ফরহাদ হোছাইন নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফরহাদ কক্সবাজারের পেকুয়া থানার বারাইয়াকাটা গ্রামের প্রিয়াত নুরুল হোছাইনের ছেলে। তিনি পেকুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানান, একটি সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দেন ফরহাদ হোছাইন। এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে আইনশৃঙ্খখলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

নূরুল আবছার জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামে পালিয়ে আসার সময় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

১৬ জুলাই কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় বিএনপি আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী, মন্ত্রীসভার সদস্য এবং আওয়ামী লীগ নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে ফরহাদ হোছাইনের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর ৯ জুলাই পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, মগনামা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস চৌধুরী ও ফরহাদ হোছাইনসহ পাঁচজনকে আসামি করা হয়।

আরও পড়ুন

×