ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ছেলের জন্য ওষুধ কিনতে বের হয়ে ব্যবসায়ী নিখোঁজ

ছেলের জন্য ওষুধ কিনতে বের হয়ে ব্যবসায়ী নিখোঁজ
×
×

নিখোঁজ আবুল বরকত

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১১ আগস্ট ২০২২ | ২১:১৪ | আপডেট: ১১ আগস্ট ২০২২ | ২১:১৪

ছেলের জন্য ওষুধ কিনতে বের হয়ে দুদিনেও ঘরে ফেরেননি এক ব্যবসায়ী। সম্ভাব্য সকল স্থানে খুঁজেও না পেয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন ওই  ব্যবসায়ীর পরিবার।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বুধবার বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ডায়েরি নং ৫২৩।

নিখোঁজ ওই ব্যক্তির নাম সৈয়দ মো. আবুল বরকত (৪৫)। তিনি বরিশাল নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দার সিএন্ডবি পুল সংলগ্ন এলাকার মিরা বাড়ির বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, পরিবার থেকে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি জিডিতে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সন্ধান পাওয়া যাবে।

আবুল বরকতের স্ত্রী জহুরা লাইজু বৃহস্পতিবার রাতে বলেন, গত মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার স্বামী ছেলের জন্য ওষুধ আনার জন্য বাসা থেকে বের হন। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তিনি ফিরে না আসায় তার মোবাইল নাম্বারে কল দেই। কিন্তু ফোন বন্ধ পাই। এরপর আত্মীয়-স্বজন অনেকের কাছে খোঁজ করেও তার কোনো হদিস পাইনি। শেষে নিরুপায় হয়ে বুধবার থানায় জিডি করেছি।

তিনি আরও বলেন, আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। আমার স্বামী ব্যবসায়ী। সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই। তবে তার সাথে একটি পক্ষের জমি নিয়ে বিরোধ চলছিল। আমি চাই, আমার স্বামী সুস্থ-স্বাভাবিকভাবে আমাদের মাঝে ফিরে আসুক।

এ জিডির তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।

আরও পড়ুন

×